আগামী ১১ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। হাতে এক মাস সময়ও নেই। দল ঘোষণা করতে শুরু করেছে অংশগ্রহণকারী দেশগুলি। সময় নষ্ট করতে রাজি নন লিয়োনেল মেসি। বিশ্বকাপের জন্য বিশেষ প্রস্তুতি শুরু করে দিয়েছেন গতবারের ট্রফিজয়ী আর্জেন্টিনার অধিনায়ক।
মেসির প্রস্তুতি শুরুর কথা জানিয়েছেন তাঁর ক্লাব এবং জাতীয় দলের সতীর্থ রদ্রিগো ডি পল। এক সাক্ষাৎকারে ডি পল বলেছেন, ‘‘ক্লাবে আমরা নিয়মিত যে অনুশীলন করি, তার বাইরে বাড়তি কিছু করার পরিকল্পনা করেছিলাম আমরা। দু’তিন মাস আগেই পরিকল্পনা করা হয়েছিল। শারীরিক ভাবে সেরা জায়গায় থাকার জন্য আমরা দু’জনে কঠোর পরিশ্রম করি। আমরা নিজেরাই দু’বেলা অনুশীলন করার ইচ্ছাপ্রকাশ করেছিলাম। সেই মতোই অনুশীলন করছি। কোচ আমাদের সাহায্য করছেন। আমরা আমাদের সবটা দিয়ে চেষ্টা করি।’’ মেসি ঠিক কী ভাবে প্রস্তুতি নিচ্ছেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘‘মেসি গোপনে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে।’’
আরও পড়ুন:
মেজর লিগ সকারে ভাল ফর্মে রয়েছেন মেসি। ইন্টার মায়ামির হয়ে প্রায় নিয়মিত গোল পেয়েছেন। লিগে ১২টি ম্যাচ খেলে ১২টি গোল করেছেন। আরও ৬টি গোলের ক্ষেত্রে সতীর্থদের সাহায্য করেছেন। মায়ামি ১৫ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।