Advertisement
E-Paper

বিশ্বকাপে গোলাপি-বিপ্লব! জুতোর রঙে অভিনবত্বের খোঁজে ফুটবলারেরা, কেন বিশ্বকাপে গোলাপি জুতোর আধিক্য বেশি?

এ বারের বিশ্বকাপে দেখা যাচ্ছে গোলাপি রঙের জুতোর আধিক্য। মাত্র চারটি ম্যাচ হলেও ফুটবলারদের পায়ের জুতোর এই অভিনব রং অনেকেরই নজর কেড়েছে। কেন এ বার গোলাপি রঙের জুতো এত বেশি সংখ্যায় দেখা যাচ্ছে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ২০:১৮
football

গোলাপি জুতো মাতাচ্ছে বিশ্বকাপ। ছবি: সমাজমাধ্যম।

এ বারের বিশ্বকাপে কালো নয়, দেখা যাচ্ছে গোলাপি-বিপ্লব।

এক সময় ফুটবল বিশ্বকাপে প্রায় প্রত্যেক ফুটবলারের পায়েই দেখা যেত কালো রঙের জুতো। রেফারির পায়েও থাকত একই রঙের জুতো। কালের নিয়মে রঙে বদল এসেছে। হলুদ, সবুজ, এমনকি নিজের পছন্দমতো রঙের জুতোও বানাতে দেখা গিয়েছে বিভিন্ন ফুটবলারকে।

এ বারের বিশ্বকাপে দেখা যাচ্ছে গোলাপি রঙের জুতোর আধিক্য। মাত্র চারটি ম্যাচ হলেও ফুটবলারদের পায়ের জুতোর এই অভিনব রং অনেকেরই নজর কেড়েছে। কেন এ বার গোলাপি রঙের জুতো এত বেশি সংখ্যায় দেখা যাচ্ছে?

ইংল্যান্ডের এক দ্রুত প্রস্তুতকারী সংস্থার মালিক বলেছেন, “লোকে হয়তো একে কাকতালীয় বলবে। কিন্তু অতীতে এই ঘটনা অনেক বার ঘটেছে। বিভিন্ন সংস্থা প্রায় একই ধরনের রঙের জুতো বানাচ্ছে। গত কয়েক বছরে এই জিনিস আমরা বার বার দেখেছি। এ বারও তার ব্যতিক্রম নয়।”

গোলাপি রং বেছে নেওয়ার কারণ কী? আমেরিকার এক ফুটবল সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থার শীর্ষকর্তা ‘দ্য অ্যাথলেটিক’কে বলেছেন, “ইদানিং ক্রীড়াবিদ এবং গ্রাহকদের থেকে আমরা একটাই জিনিস বার বার শুনতে পাচ্ছি। তাঁরা উজ্জ্বল রং চাইছেন। কারণ, উজ্জ্বল রঙে আলাদা আত্মবিশ্বাস থাকে। সেখান থেকেই নতুন ভাবনা শুরু। আমরা বেশ কিছু উজ্জ্বল রং নিয়ে আলোচনা করেছি, যা আত্মবিশ্বাস বাড়ায়। গোলাপি হল তেমনই একটা রং।”

তাঁর সংযোজন, “ক্রীড়াবিদেরা বলেছে, গোলাপি এমন একটা রং যেটা উজ্জ্বল তো দেখায় বটেই, মাঠের মধ্যে আলাদা করে নজরও কেড়ে নেয়। তা ছাড়া, গোলাপি রঙের গ্রহণযোগ্যতা রয়েছে প্রায় সব ধরনের ফুটবলারদের মধ্যে। সেই কারণেই এই রং বেছে নেওয়া হয়েছে।”

তিনি আর জানিয়েছেন, তাঁর সংস্থা গোলাপি রঙের জুতো অতীতে বিভিন্ন জায়গায় ব্যবহার করেছে। তাঁর কথায়, “সবুজ ঘাসের মধ্যে গোলাপি জুতো একটা আলাদা মাত্রা যোগ করেছে। আপনি মাঠে খেলা দেখুন বা টিভিতে, গোলাপি রঙের জুতো আপনার নজর কাড়বেই। আমরা ঠিক এই জিনিসটাই চেয়েছিলাম। বিশ্বকাপ ছাড়া গোলাপি জুতো ব্যবহার শুরু করার ভালো মঞ্চ আর হয় না।”

আরও একটি কারণ রয়েছে। এ বারের বিশ্বকাপে কোনও দলেরই জার্সির রং গোলাপি নয়। বেলজিয়ামের অ্যাওয়ে জার্সি কিছুটা কাছাকাছি আসতে পারে। তবে জুতোর রঙের মতো একই জার্সি কোনও দলের নেই। এই কারণেই ফুটবলারেরা আরও বেশি করে গোলাপি জুতো পরছেন।

ওই কর্তার দাবি, “আমাদের উদ্দেশ্য ছিল এমন রঙের জুতো তৈরি করা, যা জার্সির রঙের সঙ্গে মিশে না যায়। প্রতিটা প্রতিযোগিতাতেই আমরা আলাদা দৃষ্টিভঙ্গি ব্যবহার করি। এই প্রতিযোগিতায় গোলাপি রংকে জনপ্রিয় করতে চেয়েছি।”

তবে ব্যাতিক্রমও রয়েছে। আর্জেন্টিনার জুতো যে সংস্থা তৈরি করেছে, তাতে আর্জেন্টিনার পতাকার রঙের ছাপ থাকছে। আমেরিকার ফুটবলারেরা সে দেশের পতাকার রং থাকা জুতো ব্যবহার করছেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য আলাদা একটি জুতো তৈরি করেছে আমেরিকার সংস্থা। বিশ্বকাপের ম্যাচে তাঁকে সেই জুতো পরে খেলতে দেখা যাবে।

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
সর্বশেষ
৬ ঘণ্টা আগে
Pink
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy