প্রথম ম্যাচে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে আত্মবিশ্বাসী বিরাট কোহলীর দল। অতিরিক্ত চাপ না নিয়ে বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে অন্য মেজাজে দেখা গেল কোহলীদের। মঙ্গলবার টুইটে এমনই ছবি পোস্ট করলেন বেঙ্গালুরু অধিনায়ক।
কোহলীর পোস্ট করা ছবিতে দেখা যায় এবি ডি’ভিলিয়ার্স এবং হর্ষল পটেলের সঙ্গে রয়েছেন তিনি। লিখেছেন, ‘অনুশীলনের পর বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছি, ঠান্ডা হচ্ছি।’ এত ফুরফুরে থাকার কারণ অবশ্যই প্রথম ম্যাচে জয়। সেই জয়ের কারিগর ছিলেন ডি’ভিলিয়ার্স এবং হর্ষল। বল হাতে ৫ উইকেট নেন হর্ষল, জয়ের রানটাও এসেছিল তাঁর ব্যাট থেকেই। ডি’ভিলিয়ার্সের ২৭ বলে ৪৮ রানে ভর করে ম্যাচ জিতে নেয় বেঙ্গালুরু।
হর্ষল বলেন, “স্বচ্ছতা থাকা জরুরি। প্রতিযোগিতা শুরুর আগেই দল আমাকে বুঝিয়ে দিয়েছে কী চায় আমার কাছে।” সেই স্বচ্ছতা যে ম্যাচে তাঁকে নিজের মতো বল করতে সুবিধা দিয়েছে বুঝিয়ে দিয়েছেন তিনি। বুধবার হায়দরাবাদের বিরুদ্ধেও সেই ছন্দই ধরে রাখতে চাইবেন তিনি।
Chilling with these dudes post practice @ABdeVilliers17@HarshalPatel23 pic.twitter.com/Y06h8QnIXg
— Virat Kohli (@imVkohli) April 13, 2021