অস্ট্রেলিয়ায় ক্রিকেট সম্প্রচারের আশি বছরের ইতিহাসে নতুন কাণ্ড ঘটতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজে। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, সিরিজের প্রতিটা বলের ধারাভাষ্য ইংরাজির সঙ্গে হবে হিন্দিতেও! ক্রিকেট অস্ট্রেলিয়ার নিজস্ব অ্যাপ এবং ওয়েবসাইটে যা পাওয়া যাবে। অস্ট্রেলিয়ায় বসবাসকারী ভারতীয়দের সংখ্যা দিনে দিনে বাড়ছে। এবং এঁদের মধ্যে ক্রিকেট পাগলদের সংখ্যা সবচেয়ে বেশি। সেটা মাথায় রেখেই নজিরবিহীন এই সিদ্ধান্ত, জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার মিডিয়া প্রধান বেন আমারফিও। যিনি বলেছেন, ‘‘অস্ট্রেলীয় সমাজে ভারতীয়রা যে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন, এটা তারও প্রমাণ।’’ ইন্ডিয়ান লিঙ্ক মিডিয়া গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে অন লাইন প্রতিযোগিতার মাধ্যমে অস্ট্রেলিয়ার ভারতীয় সম্প্রদায়ের মধ্য থেকেই ধারাভাষ্যকারদের বেছে নেওয়া হয়েছে।