Advertisement
E-Paper

রাজ্য স্কুল বক্সিংয়ে সেরা হাওড়ার ১২

২৪ জনের মধ্যে ১২ জন বিভিন্ন বিভাগে সেরা। একজন প্রতিযোগিতার সেরা প্রতিভা হিসেবে নির্বাচিত। সদ্য শেষ হওয়া রাজ্য বিদ্যালয় বক্সিং প্রতিযোগিতায় এমনই ফল করে তাক লাগিয়ে দিয়েছে হাওড়ার ছেলে মেয়েরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৫ ০৩:০৪

২৪ জনের মধ্যে ১২ জন বিভিন্ন বিভাগে সেরা। একজন প্রতিযোগিতার সেরা প্রতিভা হিসেবে নির্বাচিত।

সদ্য শেষ হওয়া রাজ্য বিদ্যালয় বক্সিং প্রতিযোগিতায় এমনই ফল করে তাক লাগিয়ে দিয়েছে হাওড়ার ছেলে মেয়েরা। কয়েক দিন আগে হাওড়া ময়দান সংলগ্ন একটি ক্লাবে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিভিন্ন বয়স ভিত্তিক বিভাগে হাও়ড়া থেকে ২৪ জন যোগ দিয়েছিল। তার মধ্যে ১২ জনই চ্যাম্পিয়ন। তবে প্রতিযোগীরা সবাই ছিল শহর হাওড়ার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী। এই সাফল্য উৎসাহিত হয়ে গ্রামীণ হাওড়ার কয়েকটি স্কুলেও বক্সিংয়ের অনুশীলন শুরুর পরিকল্পনা করেছে জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদ।

এ বার রাজ্য বক্সিং প্রতিযোগিতার আয়োজক জেলা ছিল হাওড়া। প্রতিযোগিতায় হাওড়া ছাড়াও যোগ দিয়েছিল দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতা, উত্তর কলকাতা, হুগলি, বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা। আয়োজকেরা জানান, এ বার সব জেলা মিলিয়ে ১০৫ জন প্রতিযোগী যোগ দিয়েছিল। তাদের মধ্যে ছাত্রী ছিল ৩২ জন। ছাত্রদের বিভাগে অনূর্ধ্ব ১৪, ১৭ ও ১৯ এই তিনটি বয়স ভিত্তিক ভাগ ছিল। ছাত্রীদের ক্ষেত্রে ছিল অনূর্ধ্ব ১৭ ও ১৯ বিভাগ। হাওড়া জেলার দলে ছিল ২৪ জন। তাদের মধ্যে ২ জন ছাত্রী-সহ ১২ জন বিভিন্ন বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে। এদের মধ্যে শিবপুর অম্বিকা হাইস্কুলের ছাত্র মনদীপ কুমার সিংহ প্রতিযোগিতার সেরা প্রতিভা হিসেবে নির্বাচিত হয়েছে। এই সাফল্যে খুশি হাওড়া জেলার বক্সিংয়ের সঙ্গে যুক্ত কর্তারা। তাঁদের মতে, হাওড়া জেলায় বক্সিং এখনও শিবপুর থেকে হাওড়া ময়দান এলাকার মধ্যেই সীমাবদ্ধ। পরিকাঠামোও সীমিত। তার মধ্যেই এই সাফল্য অবশ্যই নজরকাড়া।

Advertisement

হাওড়া জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদ সূত্রে জানা গিয়েছে, আগে বক্সিং বিদ্যালয় ক্রীড়ার অন্তর্ভূক্ত ছিল না। ২০১২ সালে এই খেলাকে বিদ্যালয় ক্রীড়ার আওতায় নিয়ে আসা হয়। হাওড়ার গ্রামীণ এলাকায় এই খেলার চর্চা একেবারেই নেই। তার কারণ উপযুক্ত প্রশিক্ষক ও পরিকাঠামোর অভাব। কিন্তু সঠিক প্রশিক্ষণ পেলে হাওড়া জেলা থেকে ভাল বক্সার উঠে আসতে পারে। তার প্রমাণ রাজ্য স্তরের ফল। হাওড়া জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের সম্পাদক প্রদীপ কোলে বলেন, ‘‘শহর হাওড়ার কয়েকটি স্কুলে বক্সিং অনুশীলন হলেও গ্রামীণ হাওড়ায় হয় না। প্রাথমিক ভাবে আমরা গ্রামীণ হাওড়ার শ্যামপুর হাইস্কুল এবং নয়াচক যদুনাথ হাইস্কুলে বক্সিং অনুশীলনের ব্যবস্থা করছি। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথাও হয়েছে। আমাদের আশা নতুন বছরের গোড়া থেকেই ওই দু’টি স্কুলে বক্সিংয়ের অনুশীলন শুরু হবে।’’ প্রতিশ্রুতি সত্যি হলে হাওড়া থেকে উঠে আসবে জাতীয় স্তরের বক্সার। এমনটাই আশা করছেন এই জেলার প্রাক্তন বক্সাররা।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy