স্বামীকে লুকিয়ে পরপুরুষের সঙ্গে প্রেম। পার্কে-রাস্তায় দিব্যি চলছিল যুগলের ভালবাসার গল্প। মন দেওয়া-নেওয়া যখন জমে উঠেছে তখনই ছন্দপতন। হাতেনাতে পাকড়াও হতে হল তাঁদের। তবে সরাসরি স্বামীর কাছে নয়। লুকিয়ে প্রেমে পর্দাফাঁস করেছে গুগ্ল ম্যাপ! তা নিয়ে টেকদুনিয়ায় হইচই পড়ে গিয়েছে।
২০১০ সালে স্বামীর সঙ্গে ঘর বাঁধেন অভিযুক্ত তরুণী। কিছু দিন সংসার করার পর বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়ান তিনি। ফলে প্রায়ই প্রেমিকের সঙ্গে লুকিয়ে দেখা হত তাঁর। চলত খুনসুটি আর গল্প। প্রেমের গোপন জায়গাগুলি খুঁজে পেতে বহু ক্ষেত্রেই গুগ্ল ম্যাপের সাহায্য নিতেন ওই তরুণী।
চলতি বছরে হঠাৎই একদিন স্ত্রীর মোবাইল ফোন ঘাঁটতে গিয়ে চোখ কপালে ওঠে স্বামীর। গুগ্ল ম্যাপের ‘স্ট্রিট ভিউ’তে একটি ছবি দেখে আঁতকে ওঠেন তিনি। সেখানে একটি বেঞ্চে তরুণীর কোলে এক ব্যক্তিকে মাথা রেখে শুয়ে থাকতে দেখা গিয়েছে। ছবিটা বেশ আবছা হলেও শরীরী ভাষা এবং পোশাক দেখে সংশ্লিষ্ট তরুণী যে তাঁর স্ত্রী, তা বুঝতে ওই ব্যক্তির তেমন সময় লাগেনি।
২০১৩ সালে ‘স্ট্রিট ভিউ’তে ওই ছবি সংগ্রহ করে গুগ্ল ম্যাপ। ২০২৬ সাল আসতে আসতে সেটা মুছে যাবে বলেই ভেবেছিলেন অভিযুক্ত তরুণী। যদিও বাস্তবে তা হয়নি। অন্য দিকে, বিবাহ-বহির্ভূত সম্পর্কের ছবি হাতে পেতেই স্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছেন ওই ব্যক্তি। বিবাহবিচ্ছেদের মামলার নোটিস ধরানো হয়েছে তাঁকে।
আরও পড়ুন:
বিশেষজ্ঞদের কথায়, এই ঘটনা চোখে আঙুল দিয়ে বেশ কয়েকটা বিষয় দেখিয়ে দিয়েছে। প্রথমত, এক বার কোনও তথ্য হাতে পেয়ে গেলে কোনও কিছুই ভোলে না ইন্টারনেট। দ্বিতীয়ত, গুগ্ল ম্যাপ শুধুমাত্র একটা পথ নির্দেশিকা নয়। প্রয়োজনে ব্যবহারকারীর জীবনের গোপন ঘটনা প্রকাশ্যে আনতে পারে এই প্রযুক্তি।