স্মার্টফোনের বাজারে এ বার পা রাখতে চলেছে টাটা? সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে মুঠোবন্দি ডিভাইস তৈরি করে চমকে দেবে ভারতের এই ঐতিহ্যবাহী শিল্প সংস্থা? এই খবর প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে শুরু হয়েছে হইচই। কেউ কেউ বলছেন, নতুন স্মার্টফোনের নামও নাকি ঠিক করে ফেলেছে টাটা গোষ্ঠী। আর সেটা হল ‘এ-ওয়ান’। কিন্তু, আসল সত্যিটা কী? আনন্দবাজার ডট কম-এর এই প্রতিবেদনে রইল তার হদিস।
গ্যাজেট বিশ্লেষকদের বড় অংশ মনে করেন, স্মার্টফোনের দুনিয়ায় টাটা গোষ্ঠী ঢুকে পড়লে, ভারত থেকে ব্যবসা গোটাতে হবে স্যামসাং বা অ্যাপ্লের মতো বিদেশি ব্র্যান্ডকে। কারণ, আমজনতার মনে দেশের এই ঐতিহ্যবাহী শিল্পগোষ্ঠীটির প্রতি আলাদা শ্রদ্ধা রয়েছে। তা ছাড়া কম খরচে দুর্দান্ত টেকসই ফোন বাজারে আনতে পারে তারা। পারফরম্যান্সের দিক থেকে যা অন্যদের পিছনে ফেললে, টাটাদের ব্র্যান্ডের দিকে যে সকলে ঝুঁকবেন তা বলাই বাহুল্য।
বিশেষজ্ঞদের কথায়, টাটা গোষ্ঠী স্মার্টফোন আনলে বিশ্ববাজারের সেরা ব্র্যান্ডগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামবে ভারতের সেই গ্যাজেট। যদিও এই ধরনের কোনও পরিকল্পনার কথা এখনও ঘোষণা করেনি তারা। শুধু তা-ই নয়, স্মার্টফোনের বাণিজ্যিক উৎপাদনের জন্য যা যা করণীয়, তার কিছুই শিল্পগোষ্ঠীটি করছে না। ফলে টাটার ভারতীয় স্মার্টফোন তৈরির খবরকে গুজব বলেই উড়িয়ে দিচ্ছেন বিশ্লেষকদের একাংশ।
গত কয়েক বছর ধরেই মার্কিন টেক জায়ান্ট অ্যাপ্লের তৈরি আইফোনের নির্মাণকাজে জড়িয়ে আছে টাটা গোষ্ঠী। এ দেশের কারখানায় ‘অ্যাসেম্বলিং’ বা বিভিন্ন যন্ত্রাংশ জুড়ে আইফোন তৈরির কাজ চলছে দ্রুত গতিতে। বিশ্লেষকদের অনুমান, সেই কারণেই টাটা সংস্থা নতুন স্মার্টফোন নির্মাণ করতে চলেছে বলে বাজারে খবর ছড়িয়ে পড়েছে।
সম্প্রতি ধনকুবের মার্কিন শিল্পপতি ইলন মাস্কের বৈদ্যুতিন গাড়ির কোম্পানি টেসলা মুঠোবন্দি গ্যাজেট তৈরি করতে চলেছে বলে একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয় খবর। সেখানে বলা হয়, স্মার্টফোনটির নাম পাই রেখেছেন মাস্ক। পরে অবশ্য বিবৃতি দিয়ে এগুলিকে ভুয়ো খবর বলে জানিয়ে দেয় টেসলা।