Advertisement
E-Paper

তিন বছরের শিশুর বোতলে ফুটন্ত জল ভরে দিল ম্যাকডোনাল্ডস! চুমুক দিতেই পরিত্রাহি চিৎকার, ক্ষমা চাইল সংস্থা

ম্যাকডোনাল্ডসের কর্মীকে শিশুটির বোতলে জল ভরে দেওয়ার অনুরোধ করেছিলেন শিশুর পরিবার। কর্মী ঠান্ডা জলের পরিবর্তে ফুটন্ত জল ভরে দিয়েছিলেন। এমনকি বোতলটি যখন ফেরত দেওয়া হয় তখনও জানানো হয়নি যে এতে গরম জল ভরা আছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১১

ছবি: সংগৃহীত।

ঠান্ডা জলের বদলে ফুটন্ত জলের বোতলে চুমুক। জিভ ঝলসে গেল একরত্তির। সিঙ্গাপুরে ছুটির দিনে বেড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হল এক পরিবার। দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তিন বছরের শিশুকন্যাকে। ঘটনাটি ঘটেছে ম্যাকডোনাল্ডসের একটি বিপণিতে। মর্মান্তিক সেই ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে এনেছেন শিশুটির বাবা। ভিডিয়োটি ভাইরাল হতেই ম্যাকডোনাল্ডসের পরিষেবা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ঘটনাটি ঘটেছে গত ১ ফেব্রুয়ারি। কুইন্সওয়ের রিডআউট টি গার্ডেনের ম্যাকডোনাল্ডসের একটি দোকানে। সিঙ্গাপুরের প্রাক্তন জাতীয় ফুটবলার রিধওয়ান মহম্মদ ৪ ফেব্রুয়ারি ফেসবুকে এই অভিজ্ঞতাটি শেয়ার করেছেন। সং‌বাদ প্রতিবেদন অনুসারে, মহম্মদের পরিবার ম্যাকডোনাল্ডসের কর্মীকে শিশুটির বোতলে জল ভরে দেওয়ার অনুরোধ করেছিলেন। কর্মী ঠান্ডা জলের পরিবর্তে ফুটন্ত গরম জল ভরে দিয়েছিলেন। এমনকি বোতলটি যখন ফেরত দেওয়া হয় তখন জানানো হয়নি যে এতে গরম জল ভরা আছে। বোতলে চুমুক দিতেই প্রবল চিৎকার করে ওঠে ওই শিশু। দেখা যায় জিভ পুড়ে গিয়েছে তার। আতঙ্কিত হয়ে শিশুর বাবা-মা দ্রুত হাসপাতালে ছোটেন। চিকিৎসকেরা জানান, মহম্মদের কন্যার জিভে গুরুতর পোড়ার ক্ষত তৈরি হয়েছে। ফলে বেশ কয়েক দিন ধরে তার খাওয়াদাওয়ায় অসুবিধা হতে পারে।

মহম্মদ জানিয়েছেন, তিনি ঘটনাটি জনসমক্ষে এনেছেন যাতে অন্য অভিভাবকেরা এর থেকে শিক্ষা নিতে পারেন। অভিভাবক এবং রেস্তরাঁ উভয়কেই আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে ছোট বাচ্চাদের খাবার ও পানীয় পরিবেশনের সময়। এই ঘটনাটির দায় স্বীকার করে ক্ষমা চেয়েছে ম্যাকডোনাল্ডস কর্তৃপক্ষ। সংস্থাটি ক্ষতিপূরণ হিসাবে মহম্মদকে ১০টি কুপন দিয়েছে। ম্যাকডোনাল্ডসের এক মুখপাত্র সংবাদমাধ্যমে জানিয়েছেন, গ্রাহকদের নিরাপত্তা সংস্থার অগ্রাধিকার। পরিষেবা উন্নত করার চেষ্টা করছে সংস্থাটি।

Singapore
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy