Advertisement
E-Paper

মা অসুস্থ, সেবা করার জন্য ইঞ্জিনিয়ার স্ত্রীকে চাকরি ছাড়তে চাপ স্বামীর! দাবি না মানতেই চরম সিদ্ধান্ত নিলেন তরুণ

দম্পতি দু’জনেই পেশায় ইঞ্জিনিয়ার। তাঁদের দুই সন্তানও রয়েছে। তরুণী কঠোর পরিশ্রমে নিজের কেরিয়ার গুছিয়ে নিয়েছেন। তরুণীর শাশুড়ি অসুস্থ হতেই তাঁকে চাকরি ছাড়ার জন্য জোরাজুরি করতে থাকেন স্বামী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৭
A man ended their marriage after the wife refused to quit her job

—প্রতীকী ছবি।

দু’জনেই উচ্চশিক্ষিত। আর্থিক সচ্ছলতার কোনও অভাব নেই। আপাতদৃষ্টিতে সুখী পরিবারের উদাহরণ। দম্পতিরা একে অপরকে স্কুলে পড়ার সময় থেকেই চিনতেন। একসঙ্গে কেরিয়ারে সাফল্য অর্জন করেন। স্ত্রী চাকরি ছাড়তে রাজি না হওয়ায় বিবাহবিচ্ছেদের পথে হাঁটলেন স্বামী। সম্প্রতি এক্স হ্যান্ডলে একটি পোস্ট ছড়িয়ে পড়েছে। যেখানে বলা হয়েছে শাশুড়ির যত্ন নেওয়ার জন্য চাকরি ছাড়তে নারাজ ছিলেন তরুণী। তাতেই বিয়ে ভেঙে বেরিয়ে আসেন স্বামী। যদিও এই পোস্টের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদ প্রতিবেদন অনুসারে, এই দম্পতি দু’জনেই পেশায় ইঞ্জিনিয়ার। তাঁদের দুই সন্তানও রয়েছে। তরুণী কঠোর পরিশ্রমে নিজের কেরিয়ার গুছিয়ে নিয়েছেন। প্রথম সন্তানের জন্মের সময় বহু বিপত্তি সত্ত্বেও নিজের চাকরি বজায় রেখেছিলেন ও পরিবারের সমস্ত দায়িত্বও যথাযথ ভাবে পালন করে এসেছেন। দ্বিতীয় সন্তানের জন্মের সময় তরুণী সংস্থা বদল করে অন্য সংস্থায় যোগ দেন। সেখানে তাঁর বেতনবৃদ্ধি ঘটে। স্বামীর থেকে বেশি বেতন পেতে শুরু করেন তিনি। এর কিছু দিনের মধ্যে তরুণীর শাশুড়ি অসুস্থ হয়ে পড়েন। তাঁর সেবাযত্নের জন্য তরুণীর স্বামী তাঁকে চাকরি ছেড়ে দেওয়ার জন্য জোরাজুরি করতে শুরু করেন বলে পোস্টে উল্লেখ করা হয়েছে।

স্বামীর এই দাবি না মেনে নেওয়ায় তরুণীর উপর মানসিক নির্যাতন শুরু করেন তাঁর স্বামী, এমনটাই অভিযোগ তোলা হয়েছে পোস্টে। তরুণী সন্তানদের নিয়ে বাপের বাড়ি ফিরে আসেন। এই ঘটনার পর স্বামী ক্রমাগত বিবাহবিচ্ছেদের হুমকি দিতে শুরু করেন। কয়েক দিন কাটতেই তরুণীকে বিবাহবিচ্ছেদের আইনি নোটিস ধরান তাঁর স্বামী। পরে তাঁদের বিবাহবিচ্ছেদও ঘটে। পোস্টটি সমাজমাধ্যমে প্রকাশিত হতেই প্রচুর প্রতিক্রিয়া জমা পড়েছে তাতে। এক লক্ষেরও বেশি বার দেখা হয়েছে পোস্টটি। এক নেটাগরিক লিখেছেন, ‘‘তরুণীর মা যদি অসুস্থ হয়ে পড়তেন তবে কি তরুণ নিজের চাকরি ছেড়ে শাশুড়ির সেবা করতে রাজি হতেন?’’

Job Divorce
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy