স্নাতক ডিগ্রি লাভ করার পর সাধারণত বন্ধুদের সঙ্গে একসঙ্গে টুপি উড়িয়ে উল্লাস করে বা দল বেঁধে ছবি তুলে উদ্যাপন করার রীতি রয়েছে। সেই চেনা ছকের বাইরে গিয়ে ডিগ্রি লাভের আনন্দকে ক্যামেরাবন্দি করতে চেয়েছিলেন এক ছাত্রী। আর তা করতে গিয়ে জীবন বিপন্ন করে ফেললেন এক মার্কিন ছাত্রী। ১৪ ফুট লম্বা একটি বিকট সরীসৃপের মুখে চুমু দেওয়ার পোজ় দিয়ে ছবি তুললেন তিনি। সমাজমাধ্যমে সেই ছবি পোস্ট করতেই তা নজর কেড়েছে সমাজমাধ্যমে। এই ফোটোশুটটি ইন্টারনেটে ঝড় তুলেছে। ভাইরাল হয়েছে পোস্টটি। যদিও এই পোস্টের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদ প্রতিবেদন অনুসারে ম্যাকনিস স্টেট ইউনিভার্সিটির ছাত্রী ক্যাট ডেলি স্নাতক ডিগ্রি পাওয়ার পর এমন কিছু করার সিদ্ধান্ত নেন যাতে গোটা বিশ্বের তাক লেগে যায়। গাঢ় নীল রঙের গাউন পরে তিনি সোজা জলে ঝাঁপ দেন। ১৪ ফুট লম্বা কুমির ‘বিগ অ্যাল’-এর নাকের উপর তাঁর ‘গ্র্যাজুয়েশন ক্যাপ’টি রাখেন। চূড়ান্ত ঘটনাটি হল তিনি হিংস্র প্রাণীটির খোলা চোয়ালের কাছে গিয়ে সেটিকে চুম্বন করেন।
বিপজ্জনক খেলার পিছনে যে সত্যটি রয়েছে তা পরে প্রকাশিত হয়েছে। কারণ ক্যাট বন্যপ্রাণী বা সরীসৃপ সম্পর্কে অনভিজ্ঞ নন। তিনি তাঁর হবু স্বামীর সঙ্গে ‘গেটর কান্ট্রি’ নামে একটি উদ্ধার অভিযান চালান। সাত বছর বয়স থেকেই বন্যপ্রাণীদের মাঝে বড় হয়েছেন। ফোটোশুটের সময় চিত্রগ্রাহক কুমিরটির চেয়ে একটি বিষধর সাপকে দেখে বেশি ভয় পেয়েছিলেন। কারণ সেটিকে ক্যাট খেলনার মতো ধরে রেখেছিলেন। ছবিগুলি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করে ক্যাট জানিয়েছেন, তাঁর একমাত্র উদ্দেশ্য হল মানুষকে বোঝানো। কুমিরকে যতটা খলনায়ক হিসাবে দেখানো হয়, তারা ততটা আক্রমণাত্মক নয়।