জঙ্গল সাফারিতে আবার আতঙ্ক! কয়েক দিন আগেই অভয়ারণ্যে জিপ সাফারিতে গিয়ে একশৃঙ্গের আক্রমণের শিকার হয়েছিলেন পর্যটকেরা। এ বার সেই একই ঘটনা ঘটেছে জঙ্গলের গভীরে। প্রাণীদের চাক্ষুষ করতে আসা পর্যটকদের গাড়ি দেখে তেড়ে এল এক বিশাল আকারের দাঁতাল গজরাজ। গাছের ফাঁক দিয়ে গাড়িটিকে দেখতে পেয়েই প্রবল গতিতে তেড়ে আসে হাতিটি। জিপে থাকা পর্যটকদের ক্যামেরায় বন্দি হয়েছে দৃশ্যটি। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গল সাফারির সময় জিপে বসে থাকা একটি পর্যটক প্রাকৃতিক দৃশ্য ক্যামেরাবন্দি করছিলেন। হঠাৎ করেই দেখা যায় একটি বিরাট হাতি গাছের আড়াল থেকে বেরিয়ে জিপের দিকে ধেয়ে আসছে। হাতিটি পর্যটকদের সাফারির গাড়ির একেবারে কাছে চলে আসতেই গাড়িতে থাকা তরুণী প্রচণ্ড ভয় পেয়ে যান। জিপচালককে গতি বাড়াতে বলেন। ভিডিয়োয় দেখা গিয়েছে আগে আগে দৌড়োচ্ছে পর্যটকবোঝাই একটি গাড়ি। পিছু পিছু ধাওয়া করছে হাতিটি। কয়েক সেকেন্ডের জন্য থেমে যায় প্রাণীটি। তার পর আবার জিপটিকে তাড়া করতে শুরু করে। জিপে থাকা বাকি পর্যটকও গাড়িটির গতি বাড়ানোর জন্য চিৎকার করতে শুরু করেন। ভিডিয়ো দেখে মনে হচ্ছে, হাতিটি যে কোনও মুহূর্তে তাঁদের আক্রমণ করতে পারে। সৌভাগ্যবশত গাড়িটির গতি বেশি থাকায় হাতিটি পিছিয়ে পড়ে। এক পর্যায়ে হাতিটি হাল ছেড়ে দিয়ে রাস্তাতেই দাঁড়িয়ে পড়ে। ভিডিয়োটি এখানেই শেষ হয়ে যায়।
ভিডিয়োটি এক্স হ্যান্ডলে লোটাস_ইন্দ্রজিৎ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ক্যাপশনে মজা করে বলা হয়েছে, ‘‘ ঘাট হয়েছে, আর কখনও জঙ্গল সাফারিতে যাব না।’’ ভিডিয়োটি পোস্ট করার পর কয়েক হাজার বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। প্রচুর লাইক ও কমেন্ট পড়েছে তাতে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ভাগ্যকে ধন্যবাদ দিন। সাক্ষাৎ মৃত্যুকে এড়িয়েছেন।’’