Advertisement
E-Paper

লটারির টিকিট কেটে বেমালুম ভুলে গিয়েছিলেন, মেয়াদ শেষের আট দিন আগে খুঁজে পেলেন, প্রৌঢ়ের ভাগ্যে জুটল ৫৭ কোটি টাকা

‘পিপ্‌ল’ পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, নিউ জার্সির বাসিন্দা ওই প্রৌঢ় গত বছরের মে মাসে একটি গ্যাসস্টেশন থেকে ‘পিক-৬’ লটারির টিকিটটি কিনেছিলেন। ওই গ্যাসস্টেশনে প্রায়ই যেতেন তিনি। কিন্তু টিকিটটি কেনার পর প্রৌঢ় সেটি হারিয়ে ফেলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৬ ১৭:৩২
Man finds winning lottery ticket days before expiring, wins 57 crore

ছবি: এআই সহায়তায় প্রণীত।

মেয়াদ শেষ হতে আর কয়েক দিন বাকি ছিল। ঠিক তার আগে পুরনো প্যান্টের ভিতর থেকে ৫৭ কোটি টাকার লটারির টিকিট পেলেন আমেরিকার এক ব্যক্তি। মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা ওই প্রৌঢ় তাঁর পুরনো প্যান্টের ভেতরে লুকোনো ৫৯ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৫৭.১১ কোটি টাকা) মূল্যের ওই লটারির টিকিট খুঁজে পেয়েছেন বলে খবর। জানা গিয়েছে, লটারিটি কাটার পর বেমালুম ভুলে গিয়েছিলেন তিনি। তবে টিকিটটির মেয়াদ শেষ হওয়ার মাত্র কয়েক দিন আগে তিনি সেটি খুঁজে পান।

‘পিপ্‌ল’ পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, নিউ জার্সির বাসিন্দা ওই প্রৌঢ় গত বছরের মে মাসে একটি গ্যাসস্টেশন থেকে ‘পিক-৬’ লটারির টিকিটটি কিনেছিলেন। ওই গ্যাসস্টেশনে প্রায়ই যেতেন তিনি। কিন্তু টিকিটটি কেনার পর প্রৌঢ় সেটি হারিয়ে ফেলেন এবং প্রায় এক বছর ধরে সেটির কথা ভুলে গিয়েছিলেন তিনি।

গত মাসে লটারি কর্তৃপক্ষ প্রকাশ্যে ঘোষণা করেন যে ওই টিকিটের মালিক ৫৯ লক্ষ ডলার জিতেছেন এবং কেউ এখনও সেই অর্থ দাবি করেননি। শীঘ্রই লটারির মেয়াদ শেষ হয়ে যাবে বলেও ঘোষণা করা হয়। ঘোষণাটি ওই প্রৌঢ়ের দৃষ্টি আকর্ষণ করে। কারণ বিজয়ী টিকিটটি এমন একটি পেট্রল স্টেশনে বিক্রি হয়েছিল বলে জানানো হয় যেখানে তিনি নিয়মিত যেতেন।

এর পরেই কৌতূহলী হয়ে সেই স্টেশনে যান প্রৌঢ়। সেখানকার কর্মচারীদের সঙ্গে কথা বলেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কর্মীরা তাঁকে জানান যে হাতেগোনা কয়েক জন নিয়মিত গ্রাহকই পিক-৬ খেলাটি খেলেন এবং তাঁকে লটারির টিকিটটি ভাল ভাবে খুঁজে দেখার পরামর্শ দেন।

শীঘ্রই বাড়ি ফিরে যান প্রৌঢ়। তন্ন তন্ন করে বাড়ির প্রতিটি জায়গায় টিকিট খুঁজতে শুরু করেন তিনি। ড্রয়ার, তাক এবং জিনিসপত্র রাখার জায়গাগুলি ভাল ভাবে খুঁজে দেখেন। অবশেষে আলমারির পুরনো জামাকাপড়গুলি হাতড়ে দেখার সময় একটি পুরনো প্যান্টের পকেটের ভেতরে ভাঁজ করা একটি লটারির টিকিট খুঁজে পান তিনি। নম্বর মিলিয়ে দেখার পর তিনি বুঝতে পারেন যে, তাঁর হাতে ৫৯ লক্ষ ডলার মূল্যের বিজয়ী টিকিটটি রয়েছে। সঙ্গে সঙ্গে লটারি সংস্থার সদর দফতরে ছুটে যান প্রৌঢ়। মেয়াদ শেষ হওয়ার মাত্র আট দিন আগে পুরস্কার দাবি করেন।

জানা গিয়েছে, ওই প্রৌঢ়ের হাতে পুরস্কারমূল্য তুলে দিয়েছে লটারি সংস্থাটি। পাশাপাশি সংস্থার কর্মকর্তারা আর্জি জানিয়েছেন, টিকিট ক্রেতারা যেন টিকিটগুলি হারিয়ে না ফেলেন এবং পুরস্কার ঘোষণার আগে পর্যন্ত সেগুলি গুছিয়ে রাখেন।

Lottery Prize Lottery Ticket america
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy