এক পুলিশকর্মীর রাস্তায় দাঁড় করানো বাইকে ভুলবশত ধাক্কা দিয়ে দিয়েছিলেন অটোচালক। চালক সঙ্গে সঙ্গে হাতজোড় করে ক্ষমা চাইলেও মানতে পারেননি পুলিশকর্মী। প্রকাশ্যেই অটোচালককে ‘শিক্ষা’ দিলেন তিনি। অটো থেকে টেনে নামিয়ে সকলের সামনে সপাটে চড় মারলেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে ঘটনাটি বেঙ্গালুরুর। অটোচালকের গায়ে হাত তোলার সেই ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ঘটনাটি বেঙ্গালুরুর সুধামা নগর এলাকায় ঘটেছে। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, অটোচালক ভুলবশত এক পুলিশ কর্মকর্তার বাইকে ধাক্কা দেন। চালক সঙ্গে সঙ্গে হাতজোড় করে ক্ষমা চাইলেও, ঘটনাটি সেখানেই শেষ হয়নি। অটোটি ধাক্কা দেওয়ার পর হম্বিতম্বি শুরু করে দেন ট্রাফিক পুলিশে কর্মরত আধিকারিক। ক্ষিপ্ত হয়ে তিনি অটোচালককে নেমে আসতে বলেন। সকলের সামনে তাঁকে চড় মারেন। মারধরের ঘটনাটি পথচারীদের একজন ক্যামেরাবন্দি করেন। সেই ভিডিয়োটিই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিয়োটি ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর বহু নেটাগরিকের নজর কেড়েছে। বহু নেটাগরিকই দায়িত্বে থাকা পুলিশকর্মীর আচরণ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। নেটমাধ্যম ব্যবহারকারীরা প্রশ্ন তুলছেন, এক পুলিশ আধিকারিক কী ভাবে এক সাধারণ নাগরিককে লাঞ্ছিত করার অধিকার পেয়ে যান। অনেকেই এই ঘটনাকে ক্ষমতার অপব্যবহার বলে আখ্যা দিয়েছেন এবং কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ক্ষুব্ধ এক নেটাগরিকের মন্তব্য, ‘‘পুলিশের দায়িত্ব হল জনগণকে রক্ষা করা, জনসমক্ষে তাঁদের অপমান করা নয়।’’