চোখধাঁধানো মার্শাল আর্টের কৌশল দেখানো হোক বা টেনিস কোর্টে দক্ষতা প্রদর্শন, হিউম্যানয়েড রোবটের দল যে ক্রমাগত মানুষের সমকক্ষ হয়ে ওঠার চেষ্টা করছে, তাতে সন্দেহ নেই। এমনকি দৈনন্দিন কাজগুলোতেও মানুষের সঙ্গে পাল্লা দেওয়ার চেষ্টা করছে যন্ত্রমানব। তেমনই একটি ভিডিয়ো আলোড়ন তুলেছে সমাজমাধ্যমে। পোল্যান্ডের ওয়ারশ’ শহরের রাস্তায় বিশেষ ভাবে তৈরি ইউনিট্রি জি১ নামের একটি রোবটকে একদল বুনো শুয়োরকে তাড়া করতে দেখা গিয়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রোবটটি ঘাসের একটি অংশের ওপর দিয়ে দৌড়োচ্ছে। রোবটটিকে ধেয়ে আসতে দেখে বুনো শুয়োরগুলি দ্রুত পালিয়ে যাচ্ছে। তেড়েফুঁড়ে তাড়া করা সত্ত্বেও যন্ত্রমানবটি অবশ্য শুয়োরগুলির নাগাল পায়নি। বরাহবাহিনীকে ধরতে না পেরে হতাশায় আকাশের দিকে মুষ্টি নাড়তে দেখা গিয়েছে রোবটটিকে। সংবাদ প্রতিবেদন অনুসারে রোবটটির নাম ‘এডওয়ার্ড ওয়ারচকি’। কাঁধে একটি ব্যাগ নিয়ে রাস্তা পেরিয়ে বুনো জন্তুগুলিকে তাড়িয়ে নিয়ে যাওয়ার দৃশ্যটি প্রকাশ্যে এসেছে। সরু সরু ধাতব পা ফেলে রাতের রাস্তায় ছুটে চলার ভিডিয়োটি নজর কেড়েছে নেটাগরিকদেরও।
ভিডিয়োটি ‘এডওয়ার্ড ওয়ারচকি’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি এখনও পর্যন্ত ৩৮ লক্ষ বার দেখা হয়েছে। ২৫ হাজারেরও বেশি লাইক পড়েছে তাতে। বিভিন্ন ধরনের প্রতিক্রিয়াও জমা পড়েছে ভিডিয়োয়। এক নেটাগরিক লিখেছেন, ‘‘অনুপ্রবেশকারীদের মোকাবিলায় স্কুলে রোবট মোতায়েন করা উচিত বলে আমি মনে করি। আমরা রোবটকে দিয়ে এই ধরনের কাজ করালেও এগুলির প্রাণহানির আশঙ্কা নেই এবং এগুলি নিরাপদ।’’ দ্বিতীয় নেটাগরিক লিখেছেন, ‘‘ফিরতি লড়াইয়ের জন্য প্রস্তুত হও এডওয়ার্ড। বুনো শুয়োরগুলি যে কোনও মুহূর্তে ফিরে আসতে পারে।’’