ছাত্রীকে কুপ্রস্তাব দিয়ে শিক্ষকের শিরোনামে আসার ঘটনা ভূরি ভূরি। এ বার ছাত্রকে নিয়ে সিনেমা দেখতে যাওয়ার প্রস্তাব দিলেন এক শিক্ষিকা। এক ছাত্র ও তাঁর শিক্ষকের একটি ব্যক্তিগত চ্যাট রেডিটে পোস্ট হওয়ার পর অনলাইনে বিতর্কের জন্ম দিয়েছে। পোস্টে লেখা ছিল, “আমার শিক্ষিকা আমায় তাঁর সঙ্গে সিনেমা দেখতে যেতে বলেছেন।” এর সঙ্গে হোয়াট্সঅ্যাপ চ্যাটের একটি স্ক্রিনশট আপলোড করেছেন শিক্ষার্থী।
স্ক্রিনশটে দেখা গিয়েছে, শিক্ষিকা ছাত্রকে মেসেজ করে বলছেন, “যেহেতু আগামী কাল তোমার মাত্র একটি ক্লাস আছে, তুমি কি আমার সঙ্গে ‘প্রজেক্ট হেইল মেরি’ দেখতে যাবে?” তিনি আরও যোগ করেন, “যদি তুমি হ্যাঁ বলো, তা হলে আমি হয়তো এর জন্য হাফ ডে ছুটি নিয়ে নেব।” শিক্ষিকার প্রস্তাবে ছাত্রকে নম্র ভাবে উত্তর দিতে দেখা গিয়েছে সেই মেসেজে। ছাত্রটি লিখেছেন, “ম্যাডাম, আমি সত্যিই দুঃখিত। কিন্তু আগামী কাল আমার এক বন্ধুর সঙ্গে আগে থেকেই পরিকল্পনা করা আছে।” শিক্ষিকা যখন তাঁকে পরিকল্পনাটি পরিবর্তন করার পরামর্শ দেন, তখন ছাত্র উত্তর দেন, “আমি সত্যিই দুঃখিত ম্যাডাম। কিন্তু আগে থেকেই একটি পরিকল্পনা ঠিক হয়ে গিয়েছে।” শিক্ষিকার “ঠিক আছে” বলার মাধ্যমে কথোপকথনটি শেষ হয়।
ছাত্র পরে আরও যোগ করেন, ‘‘আমার বয়স ১৮ এবং শিক্ষিকার বয়স আন্দাজ ২৮-২৯ বছর। আর যাঁরা এটা নিয়ে মজা করছেন, আশা করি লিঙ্গ উল্টো হলেও আপনারা একই রকম প্রতিক্রিয়া দেখাতেন।” ১২ এপ্রিল শেয়ার করা পোস্টটি দ্রুত নেটাগরিকদের মনোযোগ আকর্ষণ করেছে। অসংখ্য মন্তব্যের পাশাপাশি হাজার হাজার লাইক পেয়েছে পোস্টটি। এক রেডিট ব্যবহারকারী লিখেছেন, যদি ব্যাপারটা সত্যি হয়, তা হলে বুদ্ধি করে যে ভাবে ব্যাপারটি পাশ কাটালেন তার জন্য স্যালুট। ভুলেও শিক্ষিকার সঙ্গে সিনেমা দেখতে যাওয়ার মতো কাজ করবেন না। আপনার বাবা-মাকে জানিয়ে দিন।’’