Advertisement
E-Paper

১০ রকেটের ‘ডিফেন্স’ ভেদ করে ইহুদিভূমিতে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র! হামলার মুহূর্তের ভিডিয়ো ভাইরাল

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে রাতের আকাশে উড়ে আসছে পর পর রকেট। একঝাঁক ইন্টারসেপ্টর রকেটের গতিপথের উল্টো দিক থেকে উড়ে আসছিল একটি ক্ষেপণাস্ত্র। শত্রুদেশকে লক্ষ্য করে ছোড়া তেহরানের ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে আঘাত করার চেষ্টা করতে ছুটে আসে রকেটগুলি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৮:২৩

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

একটি-দু’টি নয়, ১০টিরও বেশি ইন্টারসেপ্টর রকেটের বাধা পেরিয়ে শত্রু দেশের মাটিতে আছড়ে পড়ল ইরানি ক্ষেপণাস্ত্র। পশ্চিম এশিয়ায় ইরান ও ইজ়রায়েলের ক্রমবর্ধমান সংঘাতের আবহে একটি ভিডিয়ো নজর কেড়েছে নেটাগরিকদের। তাতে দেখা গিয়েছে লক্ষ্যবস্তুতে আঘাত করার আগে একাধিক রকেটের বাধা সফল ভাবে এড়িয়ে যেতে সক্ষম হয়েছে ইরানি ক্ষেপণাস্ত্রটি। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। যদিও ভিডিয়োটি কোথায় বা কবে তোলা হয়েছে তা নিয়ে কোনও তথ্য দেওয়া হয়নি ভিডিয়োয়।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে রাতের আকাশে উড়ে আসছে পর পর রকেট। একঝাঁক ইন্টারসেপ্টর রকেটের গতিপথের উল্টো দিক থেকে উড়ে আসছিল একটি ক্ষেপণাস্ত্র। কিছু সমাজমাধ্যম ব্যবহারকারী দাবি করেছেন যে ভিডিয়োটি জেরুজ়ালেমের। শত্রু দেশকে লক্ষ্য করে ছোড়া তেহরানের ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে আঘাত করার চেষ্টা করতেই একাধিক রকেট তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। প্রতিটি বাধাই সফল ভাবে এড়িয়ে গিয়েছে যুদ্ধাস্ত্রটি।

অদ্ভুত এই দৃশ্যটি একটি বারান্দা থেকে ক্যামরাবন্দি করা হয়েছে। ইরানি ক্ষেপণাস্ত্রের দিকে এগিয়ে যাওয়া ইন্টারসেপ্টর রকেটের ছবি তোলার সময় পটভূমিতে দর্শকের চিৎকার শোনা গিয়েছে। মাঝ-আকাশে আতশবাজির মতো পর পর রকেটগুলিকে উড়ে যেতে দেখা গিয়েছে। আকাশ জুড়ে শুধুই হলুদ স্ফুলিঙ্গ। রকেটের সঙ্গে সংঘর্ষ এড়িয়ে ক্ষেপণাস্ত্রটিকে দ্রুত লক্ষ্যবস্তুতে আঘাত করতে দেখা গিয়েছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। যদিও ক্ষেপণাস্ত্রটি কোন ধরনের তা নিশ্চিত জানা যায়নি। বেশ কিছু নেটমাধ্যম ব্যবহারকারী দাবি করেছেন যে এটি ইরানের ফতেহ গোত্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে। এটি একটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র। লক্ষ্যবস্তুর এলাকায় ঢোকার পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বাধাদানকারী ইন্টারসেপ্টরগুলিকে এড়িয়ে যেতে সক্ষম এই অত্যন্ত দ্রুত গতির ফতেহ ওয়ারহেডটি।

ভিডিয়োটি ‘রেডারহিটস’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে কয়েক লক্ষ বার দেখা হয়েছে। ৪৫ হাজারের বেশি লাইক পড়েছে তাতে। সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার গভীর রাতে, জেরুজ়ালেমের একটি প্রধান সড়কে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত করলে বেশ কয়েক জন আহত হন।

Iran
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy