ভূগর্ভে সাজানো সারি সারি রকেট ও ড্রোন। ইজ়রায়েলের সঙ্গে সামরিক সংঘাতের আবহে মাটির নীচের অস্ত্রাগারের ঝলক প্রকাশ করল ইরান। সে দেশের রাষ্ট্রীয় সংবাদসংস্থা গোপন সুড়ঙ্গে মজুত হাজার হাজার ড্রোনের একটি ভিডিয়ো প্রকাশ করেছে। ফারস নিউজ় এজেন্সি যে ভিডিয়োটি প্রকাশ্যে এনেছে, তাতে দেখা গিয়েছে সার দিয়ে সাজানো অস্ত্রগুলি হামলার জন্য প্রস্তুত রাখা হয়েছে। ভিডিয়োটি প্রকাশিত হতেই হইচই পড়ে গিয়েছে গোটা বিশ্বে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ভূগর্ভস্থ সুড়ঙ্গের একটি অংশে সারবন্দি করে রাখা রয়েছে ড্রোনগুলি। ড্রোনগুলি রকেট লঞ্চারের উপর স্থাপন করা রয়েছে। সুড়ঙ্গের দেওয়ালে ইরানের পতাকা এবং প্রয়াত সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের ছবি সজ্জিত রয়েছে। ভিডিয়োটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে সে বিষয়ে কোনও তথ্য দেওয়া হয়নি। ভিডিয়োটি টেলিগ্রাম এবং এক্স-এর মাধ্যমে প্রচারিত হয়। সপ্তাহান্তে ইরানি গণমাধ্যম জানিয়েছে যে, কাতারের আল-উদেইদ বিমানঘাঁটি, কুয়েতের আল-সালেম বিমানঘাঁটি, সংযুক্ত আরব আমিরশাহির আল-ধাফরা বিমানঘাঁটি এবং বাহরাইনে আমেরিকার নৌবহরের ঘাঁটিতে আঘাত হেনেছে তেহরান। বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে অবশ্য দাবি করা হয়েছে এই ড্রোনগুলিই পশ্চিম এশিয়ার হামলা চালানোর কাজে ব্যবহার করা হয়েছে। তবে ভিডিয়োয় ড্রোনগুলির প্রযুক্তিগত তথ্য বা ক্ষমতা সম্পর্কে কোনও তথ্য দেওয়া হয়নি।
কারও কারও মতে ড্রোনগুলির শাহেদ-১৩৬ মডেলের সঙ্গে সাদৃশ্য রয়েছে। এই শাহেদ-১৩৬ অস্ত্রটি আঞ্চলিক সংঘাতে ব্যবহারের জন্য পরিচিত। ভিডিয়োটিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্যও রয়েছে। ভিডিয়োটি সমাজমাধ্যমে ইতিমধ্যেই লক্ষ লক্ষ বার দেখা হয়েছে। ভিডিয়োটির মাধ্যমে ইরান তার শত্রুদের উপর পাল্টা আঘাত করার প্রস্তুতি প্রদর্শনের বার্তা দিয়েছে বলে মনে করছেন নেটাগরিকদের একাংশ।