Advertisement
E-Paper

খাবার ও অক্সিজেন ছাড়া এভারেস্টে, ছ’দিন! হামাগুড়ি দিয়ে ক্যাম্পে ফিরলেন ‘মৃত’ শেরপা, ভাইরাল অলৌকিক ভিডিয়ো

২৯,০৩২ ফুট উঁচু চূড়ায় পৌঁছোতে ব্যর্থ হয়ে এক পোল্যান্ডবাসী পর্বতারোহীর সঙ্গে ফেরার পথে দাওয়া শেরপা ক্যাম্প ৩ ও ক্যাম্প ৪-এর মাঝপথ থেকে নিখোঁজ হন। তাঁকে সর্বশেষ ২৯ মে দেখা গিয়েছিল। ওই পর্বতারোহী বেস ক্যাম্পে ফিরে এলেও দাওয়া আর ফেরেননি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ১৪:০৫

ছবি: সংগৃহীত।

ছ’দিন ধরে নিখোঁজ থাকার পর হামাগুড়ি দিয়ে বেসক্যাম্পে ফিরলেন নেপালি শেরপা। তাঁকে মৃত বলেই ধরে নিয়েছিলেন সহযাত্রীরা। দাওয়া শেরপা নামের ওই পর্বতারোহীদের নির্দেশক মাউন্ট এভারেস্টে চড়েছিলেন। চূড়ায় আরোহণে ব্যর্থ হয়ে পর্বত থেকে নামার সময় দাওয়াকে সর্বশেষ ক্যাম্প ৩-এর উপরে প্রায় ৭,৫০০ মিটার (২৪,৬০০ ফুট) উচ্চতায় দেখা গিয়েছিল। খাবার বা অতিরিক্ত অক্সিজেন ছাড়া ছ’দিন ধরে নিখোঁজ থাকা ৫২ বছর বয়সি প্রৌঢ় অলৌকিক ভাবেই জীবিত অবস্থায় ফিরে এলেন। তাঁকে উদ্ধার করে আনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। আনন্দবাজার ডট কমের হাতেও এসেছে সেই ভিডিয়ো।

এভারেস্ট চড়ার পথ অত্যন্ত সঙ্কীর্ণ। সে অঞ্চলের বাতাসের চাপ অত্যন্ত কম। বায়ুর ঘনত্ব কমে যায়। এর ফলে শ্বাস নিতে কষ্ট হয়। প্রয়োজন পড়ে বাড়তি অক্সিজেনের। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুসারে, যে উচ্চতায় দাওয়ারা ছিলেন সেখান অক্সিজ়েন কম। সিলিন্ডার ছাড়া বেঁচে থাকার আশা ক্ষীণ। তাই ছ’দিন ধরে দাওয়ার খোঁজ না মেলায় অনেকেই ধরে নিয়েছিলেন তিনি মৃত। প্রাথমিক ভাবে অনুসন্ধান চালিয়েও দাওয়ার কোনও খোঁজ পাওয়া যায়নি। এমনকি তাঁর পরিবারও প্রথাগত অন্ত্যেষ্টিক্রিয়া পালন করতে শুরু করে। কিন্তু বৃহস্পতিবার, পরিচ্ছন্নতাকর্মীর একটি দল অভিজ্ঞ পর্বতারোহীকে ধীরে ধীরে নীচে নেমে আসতে দেখে। হাতে তুষারক্ষত থাকলেও হাতে ভর দিয়ে তাঁকে ক্যাম্পের দিকে এগিয়ে আসতে দেখা যায়।

এভারেস্টে নিখোঁজ হওয়া সদস্যদের অনুসন্ধানের পর্যবেক্ষণকারী সংস্থা ‘৮কে এক্সপেডিশনস’-এর পরিচালক পেম্বা শেরপা সংবাদমাধ্যমে জানিয়েছেন, ভয়াবহ প্রতিকূলতা সত্ত্বেও দিনের পর দিন বেঁচে থাকতে পেরেছেন দাওয়া। এভারেস্টের ওই উচ্চতা থেকে এখনও পর্যন্ত কেউ একা বেঁচে ফেরেননি। ছ’দিন একা বেঁচে থেকে নিরাপদে নেমে আসাটা অলৌকিকের চেয়ে কম কিছু নয়। বুধবার, পর্বতারোহী ও প্রাক্তন ব্রিটিশ রয়্যাল মেরিন ক্রিস থ্রাল, দাওয়ার পর্বতে মৃত্যু হয়েছে ভেবে ইনস্টাগ্রামে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি পোস্টও করে ফেলেছিলেন।

২৯,০৩২ ফুট উঁচু চূড়ায় পৌঁছোতে ব্যর্থ হয়ে এক পোল্যান্ডবাসী পর্বতারোহীর সঙ্গে ফেরার পথে দাওয়া শেরপা ক্যাম্প ৩ ও ক্যাম্প ৪-এর মাঝপথ থেকে নিখোঁজ হন। তাঁকে সর্বশেষ ২৯ মে দেখা গিয়েছিল। ওই পর্বতারোহী বেস ক্যাম্পে ফিরে এলেও দাওয়া আর ফেরেননি। কী ভাবে তাঁরা দুজন বিচ্ছিন্ন হলেন, তা এখনও স্পষ্ট নয়। আপাতত কাঠমান্ডুর হাসপাতালে চিকিৎসা চলছে দাওয়ার।

Mount Everest Nepal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy