সদলবলে আশ্রম পরিদর্শনে বেরিয়েছেন স্বঘোষিত ধর্মগুরু। তিনিও হাঁটছেন, পাশে পাশে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দু’টি কুলার। গরম যাতে স্পর্শ করতে না পারে স্বঘোষিত ধর্মগুরুকে। তিনি সন্ত রামপাল। তীব্র গরমে এ ভাবেই গরমের হাত থেকে বাঁচার চেষ্টা করছেন ভক্তদের ‘বাবা’। শিল্পপতি হর্ষ গোয়েঙ্কার পোস্ট করা একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নজর কেড়েছে নেটাগরিকদের। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, স্বঘোষিত ধর্মগুরু সন্ত রামপাল তাঁর আশ্রমের ভেতরে হাঁটছেন। তাঁর পাশে পাশে পরিচারকেরা দু’টি বড় বড় আকারের কুলার নিয়ে দৌড়োচ্ছেন। প্রখর গরমে যাতে সন্ত রামপালের কষ্ট না হয় তার জন্য এক ভক্তকে কাপড়ের পাখা নিয়েও তাঁর পিছু পিছু হাঁটতে দেখা গিয়েছে ভিডিয়োয়। সেই দলে রয়েছেন বাবার বন্দুকধারী দেহরক্ষীও। তিনিও আগ্নেয়াস্ত্র হাতে সন্ত রামপালের পাশে পাশে হাঁটছেন। ভিডিয়োটি পোস্ট করে শিল্পপতি হর্ষ একটি মজাদার ক্যাপশন দিয়ে নেটাগরিকদের আরও মনোযোগ আকর্ষণ করেছেন। ক্যাপশনটি ছিল, “এ ভাবেই আমাদের ‘বাবা’রা গরমে হাঁটতে বার হন। এত ভক্ত নিয়ে তাকে কী ‘কুল’ দেখায়!”
ভিডিয়োটি পোস্ট করার পর ইতিমধ্যেই বহু মানুষ তা দেখেছেন। এই দৃশ্যটি ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বেশ কয়েক জন সমালোচক আধ্যাত্মিক নেতাদের বিলাসবহুল আরামদায়ক জীবনযাপনের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। এক নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, “আজকাল বাজারের সেরা চাকরি হল ‘বাবা’ হওয়া। জ্ঞান থাকুক বা না থাকুক, পরে ঠিকই বুঝে নেব। এতে খ্যাতি, অর্থ এবং ভক্ত সবই পাওয়া যায়।”