Advertisement
E-Paper

পণ্য পৌঁছোতে গিয়ে দেখা ফেলে আসা ‘ভালবাসা’র সঙ্গে, কোলে তুলে এঁকে দিলেন স্নেহের চুম্বন! ভাইরাল ভিডিয়ো

বয়স বাড়ার সঙ্গে দায়িত্ব বাড়ে। উপার্জনের জন্য নেমে পড়তে হয় ময়দানে। কিন্তু তারই মাঝে উঁকি মারে পিছনে ছেড়ে আসা ভাললাগার বিষয়গুলি। লোকের বাড়ি পণ্য সরবরাহ করতে এসে তেমনটাই হল এক ডেলিভারী কর্মীর সঙ্গে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মে ২০২৬ ০৭:৪৭

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

পেটের দায়ে বহু মানুষকেই স্বপ্ন ভুলে যেতে হয়। বয়স বাড়ার সঙ্গে দায়িত্ব বাড়ে। উপার্জনের জন্য নেমে পড়তে হয় ময়দানে। কিন্তু তারই মাঝে উঁকি মারে পিছনে ছেড়ে আসা ভাললাগার বিষয়গুলি। লোকের বাড়ি পণ্য সরবরাহ করতে এসে তেমনটাই হল এক ডেলিভারী কর্মীর সঙ্গে। ঘরে বাইরে পড়ে থাকা ব্যাটটিকে তুলে নিলেন তিনি। সেটিকে হাতে নিয়ে ফেলে আসা দিনগুলিতে ফিরে গেলেন তরুণ। মন ভাল করা সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, আবাসনের এক ফ্ল্যাটে পণ্য সরবরাহ করতে এসেছেন এক ডেলিভারি কর্মী। পণ্যের ব্যাগ হাতে তুলে দেওয়ার পর সেই বাড়ির লোক দরজা বন্ধ করে দিলেন। তরুণ বেরোনোর পথে হাঁটা দিলেন। তখনই তাঁর চোখে পড়ল দরজার পাশে থাকা শেলফের উপর রাখা ব্যাট। সেটিকে হাতে তুলে নিলেন তরুণ। ব্যাটারের ভঙ্গিমায় দাঁড়িয়ে ব্যাটটিকে শূণ্যে দোলালেন তরুণ। ঠিক যে ভাবে ব্যাটারদের দিকে বল এগিয়ে আসলে ব্যাট চালানো হয়, সে ভাবেই ব্যাটটিকে নিয়ে নিজের মনে খেলে চললেন তিনি। আবাসনের সরু করিডোরে ফিরে এল ডেলিভারি কর্মীর ছেলেবেলা। পরক্ষণেই আবার পিছু টানল প্রাপ্তবয়সের কাজের চাপ। ব্যাটটিকে রাখার জন্য এগিয়ে গেলেন ডেলিভারি কর্মী। কিন্তু মন যে মানে না। তাই ব্যাটটিকে শেলফের উপর রাখার আগে তরুণ শেষবারের মতো সেটির গায়ে একটি চুমু এঁকে দিলেন। মন ছুঁয়ে যাওয়া সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘ভিনীতা সিংহ’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় চার লক্ষ বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রায় আট হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা মন ভাল করা মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘স্বপ্ন কখনও আমাদের ছেড়ে যায় না।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘ক্রিকেটের প্রতি সত্যিকারের ভালবাসা রয়েছে তরুণের মনে।’’

Viral Video Viral Story Delivery Agent
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy