বিয়ে করলে ভালবাসার মানুষকেই বিয়ে করবেন। না হলে কাউকেই বিয়ে করবেন না। তরুণীর সেই দাবি মানতে চাইলেন না বাড়ির লোকজন। তরুণীও নাছোড়বান্দা। তিনি প্রেমিককে বিয়ে না করে হার মানার পাত্রী নন। তাই পরিবারকে রাজি করাতে জলের ট্যাঙ্কের উপর উঠে পড়লেন তরুণী। নীচ থেকে লোকজন নামার আর্জি জানালেও কানে তুললেন না। ঠায় দাঁড়িয়ে রইলেন তরুণী। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের পিলভিটে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, গ্রামের মাঝে সরকার থেকে বানানো জলের ট্যাঙ্ক। সেটি পেল্লায় লম্বা। সিঁড়ি রয়েছে ওঠার জন্য। সেই জলের ট্যাঙ্কের উপরে উঠে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। মুখে তাঁর দুঃখের ছাপ স্পষ্ট। কারণ, বাড়ি থেকে তরুণীর সম্পর্কের কথা মেনে নেয়নি। বদলে অন্য জায়গায় তাঁর বিয়ে দিতে চেয়েছেন। কিন্তু তরুণী প্রেমিককে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে রাজি নন। বিয়ে করলে তিনি তাঁর ভালবাসার মানুষটিকেই করবেন। সেই দাবি মানাতেই জলের ট্যাঙ্কে চড়েছেন তরুণী। ট্যাঙ্কের একদম কোনায় থাকা লোহার রড ধরে গোমড়া মুখ করে দাঁড়িয়ে রয়েছেন তরুণী। নীচে থাকা লোকজন তাঁকে নেমে আসতে বললেও তাঁদের কথায় কর্ণপাত করার প্রয়োজন মনে করলেন না তরুণী। নিরুদ্দেশের পানে চোখ স্থির করে ঠায় দাঁড়িয়ে রইলেন তিনি। দেখে মনে হচ্ছে তরুণী যেন বলিউড ঘরানার সিনেমা ‘শোলে’ দেখে অনুপ্রাণিত হয়েছেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘আজ়াদ ভারত কা আজ়াদ নাগরিক’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে বহু বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া করেছেন। নানা রকম মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। এক নেটাগরিক মন্তব্য করেছন, ‘‘আমার প্রেমিকা তো আমাকে বিয়ে করার জন্য এমন করে না।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘কোনও মেয়ে কবে আমার জন্য এমন কিছু করবেন?’’ বহু নেটাগরিককে তরুণীর কাণ্ড ‘শোলে’ সিনেমাটির কথা মনে করিয়ে দিয়েছে।