মন্দিরে গেলে প্রণামী হিসাবে কিছু টাকা কমবেশি সকল ভারতীয়েরাই দেন। সবাই নিজেদের সাধ্যমতো ভগবানের উদ্দেশে দান করে থাকেন। কিন্তু তামিলনাড়ুর এক মন্দিরে দেখা গেল সম্পূর্ণ অন্য রূপ। ভক্তেরা ভগবানের উদ্দেশে প্রণামী হিসাবে টাকা দিচ্ছেন না। উল্টে মন্দির কর্তৃপক্ষ ভক্তদের হাতে টাকা দিচ্ছেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে শ্রী বরম তরুম মলিগইপরাই করুপ্পাসামী মন্দিরে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মুখে জ্বলন্ত সিগারেট নিয়ে মন্দিরের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন পুরোহিত। মুখ থেকে অনবরত বেরিয়ে চলেছে ধোঁয়া। তাঁর সামনে রাখা একটি কাঁসার গামলা ভর্তি কয়েন। সেটির পাশ থেকে এগিয়ে চলেছেন একের পর এক দর্শনার্থী। তাঁদের সকলের হাতে রয়েছে একটা কাপড়ের টুকরো। মহিলারা আঁচল পেতে এগিয়ে চলেছেন। ধূমপানে ব্যস্ত পুরোহিত মুঠো মুঠো কয়েন ভক্তদের হাতে থাকা কাপড়ের টুকরো, আঁচলে ফেলে দিচ্ছেন। পাশে মন্দিরের অন্যান্য কর্মী পাত্রভর্তি কয়েন নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, যাতে পুরোহিতের সামনে থাকা গামলার কয়েন শেষ হয়ে গেলে সেখানে পুনরায় কয়েন ঢালা যায়। এই কয়েনই নাকি তামিলনাড়ুর এই বিখ্যাত মন্দিরের প্রসাদ। তামিলনাড়ুর বিভিন্ন মন্দিরে নাকি এ প্রকার নানা ছকভাঙা রেওয়াজের চল রয়েছে। তেমনটাই জানা গিয়েছে সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘রাম’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় ৮ লক্ষের কাছাকাছি নেটাগরিক ভিডিয়োটি দেখে ফেলেছেন। প্রায় ৫ হাজার নেটাগরিক ভিডিয়োটি প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকম মন্তব্যে ভরে গিয়েছে মন্তব্যবাক্স। কিছু নেটাগরিক ঠাকুরের স্থানে এ ভাবে ধূমপান করার বিষয়টিকে খারাপ চোখে দেখেছেন।