জিপিএসের উপর চোখ বন্ধ করে ভরসা করে ‘নিষিদ্ধ স্থানে’ পৌঁছোতে গিয়ে বিপাকে পড়লেন ডেলিভারি কর্মী। জিপিএস অনুসরণ করে ভ্যান নিয়ে জোয়ারের জলে আটকে গেলেন অ্যামাজ়নের কর্মী। ব্রিটেনের ‘ভয়ঙ্করতম’ ফুটপাত দিয়ে গা়ড়ি চালিয়ে কাদার স্তূপে ডুবে গেল ভ্যানটি। ঘটনাটি ১৫ ফেব্রুয়ারি, রবিবারের। ‘দ্য ব্রুমওয়ে’ নামের ৬০০ বছরের পুরনো এই পথটি কুখ্যাতও বটে। বিপজ্জনক রাস্তাটি সোজা গিয়েছে উঠেছে ফাউলনেস দ্বীপে। এই নিষিদ্ধ দ্বীপটি ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রকের অস্ত্র পরীক্ষার স্থান।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সোমবার উপকূলরক্ষী বাহিনীর কাছে সংবাদ আসে একটি ডেলিভারি ভ্যান সিঁড়ি দিয়ে নেমে দ্য ব্রুমওয়েতে আটকে রয়েছে। ভ্যানচালক জিপিএস অনুসরণ করার ফলে টেমস নদীর মোহনার কাছে প্রায় ১০ কিমি দীর্ঘ এই পথটিতে কাদায় আটকে রয়েছেন। জোয়ার এসে যাওয়ায় রাস্তাটি জলে ভরে গিয়েছিল। চালক বুঝতে না পেরে গাড়িটিকে সোজা জলের মধ্যে চালিয়ে নিয়ে যান। কাদায় চাকা আটকে গিয়ে বিপাকে পড়েন তিনি।
ডেলিভারি কর্মী তথা ভ্যানচালক গাড়ি থেকে নেমে ঘটনাটি সংস্থাকে জানিয়েছিলেন। অ্যামাজ়নের পক্ষ থেকে এক জন কৃষকের সঙ্গে যোগাযোগ করে গাড়িটি উদ্ধারের চেষ্টা করা হয়। পরে উপকূলরক্ষী বাহিনীর আধিকারিকেরা গাড়িটি সরিয়ে দেন। চালক নিরাপদেই রয়েছেন। উপকূলরক্ষীরা জানিয়েছেন, ফাউলনেস দ্বীপে প্রবেশের সঠিক পথটি খুঁজে পাননি চালক। জোয়ারের জল ভেঙে গাড়ি নিয়ে না এগিয়ে বাঁ দিকের রাস্তা ধরলে সঠিক পথ খুঁজে পাওয়া যেত বলে জানিয়েছেন উপকূলরক্ষীরা। ব্রুমওয়ে দীর্ঘ দিন ধরেই স্থানীয় এলাকায় কুখ্যাত বলে পরিচিত। গত কয়েক শতকে এই পথ পার হওয়ার সময় কমপক্ষে ১০০ জন ডুবে মারা গিয়েছিলেন। তবে সাম্প্রতিক কালে এমন ঘটনা ঘটেনি বলে খবর।