অনেক সময় দেখা যায় বড় বড় রথী-মহারথী তুলনায় ক্ষুদ্র কারও কাছে হার মানছেন। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায়, তার কারণ হল মুহূর্তের অসতর্কতা। প্রতিপক্ষ খুব বেশি দুর্বল হলে, অনেক সময় মাত্রাতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেও ঘটে যায় অঘটন। তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
আরও পড়ুন:
ঘটনাটি পাকিস্তানের। ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে, একটি মাঠে অনুশীলন চলাকালীন এক স্কুলছাত্রের বলে পাকিস্তানের ক্রিকেটার সাইম আয়ুব একেবারে ক্লিন বোল্ড হয়ে গিয়েছেন। এই ঘটনার পরে ঘটনাস্থলে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁরা কিশোর বোলারকে প্রশংসায় ভরিয়ে দিলেন। এমনকি স্বয়ং সাইমও হাততালি দিয়ে ছেলেটিকে উৎসাহ জোগালেন। ভিডিয়োর শেষে দেখা যায়, সই করে সাইম একটি বল উপহার দিলেন ওই কিশোরকে। এক জন আন্তর্জাতিক মানের ক্রিকেটারের এই খেলোয়াড়সুলভ মানসিকতাকে সাধুবাদ জানিয়েছে নেটপাড়া। ঘটনাটি পাকিস্তানের ঠিক কোন অঞ্চলের, তা ভিডিয়ো থেকে জানা যায়নি।
‘শেখ আবদুল্লাহ’ নামে একটি ইনস্টাগ্রামের পাতা থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটিতে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন বহু নেটাগরিক। অসংখ্য মন্তব্যও জমা পড়েছে। সাইম পাকিস্তানের জাতীয় দলের অলরাউন্ডার। ওপেনার হিসাবে ব্যাট করতে নামেন এই বাঁ-হাতি ব্যাটার। তিনি ফাইন লেগের উপর দিয়ে মারা তার ‘নো লুক শট’-এর জন্য জনপ্রিয়। শট নেওয়ার পরে বলের দিকে না তাকানোর এই বিশেষ ভঙ্গি বর্তমানে ক্রিকেটের অন্যতম চিত্তাকর্ষক দৃশ্য। তাই, স্কুলপড়ুয়ার বলে বোল্ড হয়ে যাওয়ায় জনৈক নেটাগরিক রসিকতা করে একে ‘নো লুক ডিফেন্স’ বলে অভিহিত করেছেন। আবার এক ব্যক্তি ব্যঙ্গ করে লিখেছেন, “সাইম আসলে ওই বাচ্চা ছেলেটিকে উৎসাহ দিচ্ছিলেন।”
যদিও, সম্প্রতি শেষ হওয়া পাকিস্তান সুপার লিগ এবং আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ খুব একটা ভাল ফর্মে ছিলেন না সাইম। স্কুলপড়ুয়া কিশোরের বলে আউট হওয়ায় কটাক্ষের তির ভেসে এসেছে এই বিষয়টি নিয়েও। পাশাপাশি, অনেকেই সুখ্যাতি করেছেন ওই ছাত্রের।