ফাঁকা মেট্রোয় বসার জায়গার অভাব ছিল না। তবুও একটি আসন নিয়েই বচসা শুরু হল দুই যাত্রীর। সেই অশান্তি ক্ষণিকের মধ্যে হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। পরস্পরের চুলের মুঠি ধরে মারধর করতে শুরু করেন যাত্রীরা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘মাস্টশেয়ারনিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী মেট্রোয় বসেছিলেন। তাঁর সঙ্গে এক ষাটোর্ধ্ব বৃদ্ধার বচসা শুরু হয়। তরুণীর চুলের মুঠি ধরে তাঁকে আসন থেকে টেনে নীচে ফেলে দেন বৃদ্ধা যাত্রী। তরুণীও পাল্টা মারধর করতে শুরু করেন। এই ঘটনাটি সম্প্রতি চিনের সাংহাইয়ের মেট্রো লাইন ১-এ ঘটেছে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, ৩২ বছর বয়সি তরুণীর নাম জ়েং। তাঁর দাবি, মেট্রোয় ওঠার পর ফাঁকা আসন দেখে সেখানে বসে পড়েছিলেন জ়েং। তখনই তাঁর সামনে দাঁড়িয়ে পড়েন ৬৬ বছরের বৃদ্ধা ইউ। বৃদ্ধার দাবি, তিনি আগে ফাঁকা আসনটি লক্ষ করেছিলেন। তাঁকে সরিয়ে জ়েং সেই জায়গায় বসে পড়েন।
তরুণীকে সেই আসন ছেড়ে দেওয়ার অনুরোধ করেন ইউ। কিন্তু নিজের আসন ছাড়তে নারাজ জ়েং। তরুণ প্রজন্মেরা বয়স্কদের সম্মান করতে পারেন না সেই অভিযোগ তুলে তরুণীর চুলের মুঠি ধরে মারধর করতে শুরু করেন ইউ। অন্য যাত্রীরা সেখান থেকে সরে যান। কেউ কেউ আবার ফোন বার করে পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করেন। পুলিশ দুই যাত্রীকে হেফাজতে নিয়েছে বলে জানা যায়।