বরযাত্রী নিয়ে সবেমাত্র বিয়ে করতে হাজির হয়েছিলেন তরুণ। বরপক্ষকে স্বাগত জানাতে তরুণী নৃত্যশিল্পীদের পারফরম্যান্সের আয়োজন করেছিল কনেপক্ষ। তরুণীদের নাচতে দেখেই সে দিকে ছুটে যান পাত্র। মনের সুখে তরুণীদের সঙ্গে নাচতে থাকেন তিনি। তরুণের কাণ্ডে চটে গেলেন পাত্রী। বিয়েই ভেঙে দিলেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘জেএমডি.ভিএনএস’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ বিয়ের পোশাক পরে তরুণীদের সঙ্গে নাচছেন। বরপক্ষের মনোরঞ্জনের জন্য কয়েক জন তরুণী নৃত্যশিল্পীকে পারিশ্রমিকের বিনিময়ে নিয়ে এসেছিল কনেপক্ষ। মঞ্চে উঠে পারফর্ম করছিলেন তরুণীরা। তাঁদের দেখে মঞ্চে উঠে পড়লেন হবু বরও। অশ্লীল ভঙ্গিতে নাচ করছিলেন তিনি। তরুণের কাণ্ড দেখে রেগে আগুন হয়ে যান পাত্রী। তৎক্ষণাৎ বিয়ে ভেঙে দেন তিনি।
জানা গিয়েছে, এটি বিহারের ঘটনা। ভিডিয়োটি দেখে মজা করে এক নেটাগরিক লিখেছেন, ‘‘নাচতে গিয়ে বিয়েই ভেঙে গেল বেচারা তরুণের। কী সুন্দর মনের সুখে নাচ করছিলেন!’’ আবার কেউ কেউ তরুণীকে সমর্থন করে লিখেছেন, ‘‘তরুণ খুব বাজে ভঙ্গিতে নাচছিলেন। এমন পুরুষের সঙ্গে নতুন জীবন শুরু করার আগে ভাবা উচিত। তরুণী একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।’’