আট থেকে আশি, সকলেই এখন রিলের নেশায় আসক্ত। বাস-ট্রাম থেকে শুরু করে আড্ডার ঠেক, সব জায়গাতেই এক জন হলেও এমন মানুষ থাকেন যাঁর চোখ মোবাইলের পর্দা থেকে সরে না। সেখানে একের পর এক রিল চলতে থাকে। বাচ্চাদের মধ্যে রিলের প্রতি আসক্তি বৃদ্ধি পাচ্ছে, যা বাবা-মায়ের উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। সেই রকমই এক রিল-প্রেমে মগ্ন বাচ্চার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ঘুমের মধ্যেও সে মোবাইল স্ক্রল করে চলেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ঘুমের দেশে পাড়ি দিয়েছে এক নাবালিকা। বালিশে মাথা দিয়ে ঘুমোচ্ছে সে। হাতে ধরা একটি মোবাইল ফোন। হয়তো সেটি ঘাঁটতে ঘাঁটতেই ঘুমিয়ে পড়েছে সেই নাবালিকা। কিন্তু ঘুমের মধ্যেও সেটা ঘেঁটে চলা থামাতে পারছে না সে। মোবাইলের পিছনটা মুখের সামনে ধরে ঘুমোচ্ছে নাবালিকা। আর ঘুমের মধ্যেই মোবাইলের পিছনে অনবরত তর্জনী নাড়িয়ে চলেছে সে। ঠিক যে ভাবে মোবাইলের স্ক্রিনে স্ক্রল করে একের পর এক রিল দেখে চলি আমরা, সেই ভঙ্গিমাতেই আঙুল নাড়াচ্ছে ঘুমন্ত নাবালিকা। দেখে মনে হচ্ছে এই কাজে সে বেশ সড়গড়। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘ঘর কে কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে দুই লক্ষেরও বেশি বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রায় সাড়ে চার হাজারের কাছাকাছি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। ঘুমের মধ্যেও নাবালিকার মোবাইলের প্রতি আসক্তি নেটাগরিকদের মনে উদ্বেগের সৃষ্টি করেছে। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘অভিভাবকেরাই এর জন্য দায়ী।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘মোবাইলের নেশা সত্যিই ভয়ঙ্কর, আমরা জেগে থাকা অবস্থায় মোবাইল ছাড়া চলতে পারি না আর এই ছোট্ট শিশু ঘুমের মধ্যেও মোবাইল ছাড়া থাকতে পারছে না।’’