Advertisement
E-Paper

‘তোর বাবার বাড়ি নয়’, গাড়িতে খেয়ে প্যাকেট ফেলে নোংরা করছেন রাস্তা, চালকের কাণ্ড দেখে চটলেন তরুণ, ভিডিয়ো ভাইরাল

অপরিচিত তরুণের কথা কানে তোলেননি চালক। বরং আরও বেশি করে রাস্তায় খাবারের প্যাকেটগুলি ছুড়ে ফেলছিলেন। তা দেখে মাথা গরম হয়ে যায় অন্য তরুণের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ০৭:৫৮

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মেট্রো স্টেশনের সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলেন এক তরুণ। গাড়ির চালকের আসনে বসেছিলেন তিনি। বাইরে থেকে খাবার কিনে গাড়িতে বসেই খাচ্ছেন তরুণ। কিন্তু খাবার খেয়ে সেই কাগজ ছুড়ে ফেলে দিচ্ছেন রাস্তায়। সেই সময় মেট্রো স্টেশনের দিকে যাচ্ছিলেন অন্য এক তরুণ। চালককে এ ভাবে রাস্তা নোংরা করতে দেখে প্রতিবাদ জানান তিনি। কিন্তু অপরিচিত তরুণের কথা কানে তোলেননি চালক।

বরং আরও বেশি করে রাস্তায় খাবারের প্যাকেটগুলি ছুড়ে ফেলছিলেন। তা দেখে মাথা গরম হয়ে যায় অন্য তরুণের। চিৎকার-চেঁচামেচি করে রাস্তা থেকে আবর্জনা কুড়িয়ে পরিষ্কার করতে বলেন তিনি। তবুও কর্ণপাত করলেন না চালক। খাওয়াদাওয়া সেরে পিঠে ব্যাগ নিয়ে গাড়ি থেকে নেমে সোজা হাঁটা লাগালেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘দিব্যা গন্দোত্রা টন্ডন’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ মেট্রো স্টেশনের সামনে গাড়ি দাঁড় করিয়ে চালকের আসনে বসে খাচ্ছেন। বার্গার-সহ আরও অনেক মুখরোচক খাবার বাইরের দোকান থেকে কিনেছিলেন তিনি। কিন্তু গাড়িতে বসে খেলেও খাবারের খালি প্যাকেটগুলি তিনি রাস্তায় ছুড়ে ফেলছিলেন। সেই সময় মেট্রো স্টেশনের দিকে যাচ্ছিলেন এক তরুণ।

চালকের এই কাণ্ড দেখে তরুণ রাস্তায় সেই প্যাকেটগুলি না ফেলার অনুরোধ করেন। কিন্তু চালক তা শোনেন না। পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করছিলেন তরুণ। চালকের উদ্দেশে তিনি চেঁচিয়ে বলেন, ‘‘রাস্তাটা তোর বাবার বাড়ি নয় যে, নোংরা করবি। প্যাকেটগুলো তুলে গাড়িতে রাখো ভাই। ময়লা ফেলার জায়গা নয় রাস্তাটা।’’

চালক কথা না শুনেই গাড়ি থেকে নেমে তরুণের পিছন পিছন হাঁটা শুরু করেন। তরুণ তখন সেই চালককে পুলিশের ভয় দেখান। তা শুনে আড়ালে লুকিয়ে পড়েন চালক। তরুণ তখন ভিডিয়োয় বলেন, ‘‘আমি সবেমাত্র ভারতে এলাম। বিমানবন্দর থেকে নামার কিছু ক্ষণ পরেই এই দৃশ্য চোখে পড়ল। প্রথমে আমি ভাল ভাবেই অনুরোধ করেছিলাম। কিন্তু ও প্যাকেট ছুড়ে ফেলতে লাগল। এখানে রাস্তায় আবর্জনা ছড়ানোর জন্য কাউকে কিছু বলা যাবে না। নাগরিক হিসাবে লোকজনের কোনও দায়িত্ববোধ নেই।’’

এই ঘটনাটি দিল্লির এক মেট্রো স্টেশনের সামনে ঘটেছে। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে তা নজরে পড়ে দিল্লি পুলিশের। পুলিশের তরফে জানানো হয়েছে, এই বিষয়ে তদন্তের জন্য সেই এলাকার ট্রাফিক ইনস্পেক্টরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

Viral Video Delhi Metro Delhi Traffic Police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy