জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ল বিশাল একটি অজগর। ব্যস্ত রাস্তায় মস্ত বড় শরীর নিয়ে ধীরে ধীরে এঁকেবেঁকে এগিয়ে যেতে লাগল সে। প্রাণের ঝুঁকি নিয়েও অজগরটিকে দেখার জন্য সেখানে ভিড় জমিয়ে ফেললেন স্থানীয়েরা। সঙ্গে সঙ্গে বন দফতরে খবর পাঠানো হয়। খবর পাওয়ার পর বিন্দুমাত্র দেরি না করে ঘটনাস্থলে পৌঁছে যান বন দফতরের কর্মীরা। অজগরটিকে রাস্তা থেকে উদ্ধার করে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হয়। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘আওয়ার_ফরিদাবাদ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি বিশাল অজগর ব্যস্ত রাস্তায় উঠে পড়েছে। মাঝরাস্তা থেকে সরে গিয়ে সে একটি ধার ঘেঁষে চলার চেষ্টা করছে। অজগরটিকে দেখতে রাস্তায় ভিড় জমিয়ে ফেলেছেন প্রত্যক্ষদর্শীরা।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি সম্প্রতি হরিয়ানার ফরিদাবাদের সেক্টর ৮১ এলাকার বিপিটিপি চকের কাছে ঘটেছে। প্রচণ্ড গরমে কাবু হয়ে জঙ্গল ছেড়ে নাকি লোকালয়ে ঢুকে পড়েছিল অজগরটি। বন বিভাগকে খবর দেওয়া হলে সেখানকার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দেন।