হস্তরেখাবিদ্যা অনুযায়ী, ভাগ্যরেখার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। বিশ্বাস করা হয় যে, এই রেখাটি আমাদের ভবিষ্যৎ এবং জীবন সম্পর্কে অনেক কিছু প্রকাশ করে। কর্ম অনুসারে ভাগ্যরেখার অবস্থান পরিবর্তিত হয়। এটি জীবনের অগ্রগতি, বাধা, অবনতি এবং স্বাচ্ছন্দ্যকে প্রতিফলিত করে। জ্যোতিষশাস্ত্র মতে, এই ভাগ্যরেখা সাধারণত কব্জি বা মনিবন্ধের উপর থেকে শনির ক্ষেত্র পর্যন্ত বিস্তৃত থাকে। ভাগ্যরেখা জীবনে বিভিন্ন সময়ে কখনও সৌভাগ্য আবার কখনও দুর্ভাগ্য বয়ে নিয়ে আসে। জীবনে অগ্রগতির সঙ্গে সঙ্গে ভাগ্যরেখাও বাড়ে বা কমে।
জ্যোতিষমতে, যে ব্যক্তি জীবনে উন্নতি ও বিকাশের জন্য চেষ্টা করেন, তাঁর তালুতে একটি শক্তিশালী ভাগ্যরেখা থাকে। এই ব্যক্তিদের তালুতে ভাগ্যরেখা সবচেয়ে গভীর এবং স্পষ্ট হয়। সাধারণত এই ধরনের ভাগ্যরেখা মাঝখানে ভাঙা থাকে না। এই রেখাটি শনির পর্বত পর্যন্ত সোজা বিস্তৃত থাকে।
আরও পড়ুন:
যদি ভাগ্যরেখা কব্জির রেখা বা তার কাছাকাছি শুরু হয়ে শনির ক্ষেত্রের দিকে স্পষ্ট, গভীর ও অবিচ্ছিন্ন ভাবে প্রসারিত হয় তবে, জাতককে ভাগ্যবান বলে মনে করা হয়। প্রত্যেকের জীবনেই সমস্যা আসে, কিন্তু এই ধরনের রেখা সমস্ত বাধা অতিক্রম করে সাফল্য এনে দিতে পারে। এটি সেই ব্যক্তির কর্মের উপরেও নির্ভর করে। হস্তরেখাশাস্ত্র অনুসারে, অতিরিক্ত দীর্ঘ ভাগ্যরেখাও শুভ নয়। যদি এটি শনি পর্বত অতিক্রম করে আঙুল স্পর্শ করে, তবে তা ভাল লক্ষণ বলে মনে করা হয় না।
যদি ভাগ্যরেখা সোজা থাকে এবং চন্দ্রের ক্ষেত্র থেকে অপর একটি রেখা তার সঙ্গে মিলিত হয়, তবে এমন ব্যক্তিরা তাঁদের জীবনসঙ্গীর কাছ থেকে সুখ, সৌভাগ্য এবং সমৃদ্ধি লাভ করেন। এই ধরনের ব্যক্তি কঠোর পরিশ্রম, বুদ্ধিমত্তা এবং প্রচেষ্টার মাধ্যমে পেশাগত জীবনে সাফল্য অর্জন করতে পারেন। ভাগ্যরেখা যদি শনির পরিবর্তে বৃহস্পতির অবস্থানের দিকে যায়, তবে এমন ব্যক্তিদের জ্ঞানী বলে মনে করা হয়। এই ধরনের ব্যক্তিরা সমাজে সম্মান লাভ করেন। বুদ্ধিমত্তা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনে উন্নতি লাভ করেন।