বিদেশ থেকে রাজস্থান ঘুরতে গিয়েছেন তরুণী। তাঁর কোনও ভ্রমণসঙ্গী নেই দেখে বিদেশিনিকে ঘিরে দাঁড়িয়ে পড়লেন একদল তরুণ। তরুণীকে ঘিরে ভিড় জমে গেল। সকলেই ফোনের ক্যামেরা চালু করে দাঁড়িয়ে পড়লেন। কেউ বিদেশিনিকে আধো আলিঙ্গন করে নিজস্বী তুলছেন, কেউ আবার তরুণীর ঘাড়ে হাত রেখে নিজের কাছে টেনে ছবি তুলতে ব্যস্ত। তরুণীর চোখেমুখে বিরক্তির ছাপ খানিকটা ফুটে উঠলেও তা প্রকাশ করছেন না। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘সিরাজ নুরানি’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক বিদেশিনি জিন্সের উপর একটি কালো টপ পরে রয়েছেন। মাঝরাস্তায় তাঁকে ঘিরে ভিড় জমিয়েছেন তরুণেরা। সকলেই বিদেশিনির সঙ্গে নিজস্বী তুলতে চান। কেউ বিদেশিনির ঘাড়ে হাত দিয়ে ছবি তুলছেন, কেউ আবার আধো আলিঙ্গনের ভঙ্গিতে পোজ় দিয়ে নিজস্বী তুলছেন তরুণীর সঙ্গে। তরুণদের ভিড়ে অস্বস্তিও বোধ করছেন বিদেশিনি। কিন্তু তিনি এ দেশের অতিথি! তাই তরুণদের নিজস্বী তোলার ভিড়কে তাঁদের অতিথিপরায়ণতা ভেবে ভুল করছেন তিনি।
এই ঘটনাটি রাজস্থানের জয়পুরে ঘটেছে। জয়পুরে একা একা ঘুরছিলেন এক বিদেশিনি। তাঁকে দেখে নিজস্বী তোলার জন্য তরুণেরা অদ্ভুত আচরণ করতে শুরু করেন। তরুণীকে ঘিরে ধরেন তাঁরা। বিদেশিনিও বাধ্য হয়ে হাসিমুখে সকলের সঙ্গে নিজস্বী তুললেন। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে ক্ষোভপ্রকাশ করেন নেটপাড়ার অধিকাংশ। এক নেটাগরিক এই প্রসঙ্গে লেখেন, ‘‘এ আবার কী ধরনের অতিথিপরায়ণতা! তরুণীকে একা দেখে এমন অভদ্র আচরণ করার কোনও অর্থ নেই। বন্ধুবৎসল আচরণও নয় এগুলো। এই ঘটনাগুলিই মেয়েদের নিরাপত্তা নিয়ে ভাবিয়ে তোলে।’’