কিছু ক্ষণ পরেই শুরু হবে গঙ্গারতি। তা দেখার জন্য পুণ্যার্থীরা জায়গা দখল করে বসে রয়েছেন। কিন্তু বাদ সাধল একটি পথকুকুর। পুরোহিতেরা যেখানে দাঁড়িয়ে গঙ্গারতি করবেন, সেখানেই শুয়ে শুয়ে লেজ নাড়ছে সে। পুরোহিতের শত অনুরোধেও সেখান থেকে সরছে না পথকুকুরটি। পুরোহিতও হাল ছেড়ে দিয়ে অন্য দিকে চলে গেলেন। তরুণ পুরোহিত অন্য দিকে হাঁটা লাগাতেই পথকুকুরটি চুপি চুপি উঠে পুণ্যার্থীদের আসনের দিকে চলে গেল। তা দেখে আবার ফিরে এসে কুকুরটিকে আদরে ভরিয়ে দিলেন সেই পুরোহিত। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘বিদিত শর্মা’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ পুরোহিত গঙ্গার ঘাটে শুয়ে থাকা একটি পথকুকুরের ‘মান ভাঙানোর’ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তখন গঙ্গারতির সময়। কিন্তু কুকুরটি কিছুতেই সেখান থেকে সরবে না। পুরোহিত হাল ছেড়ে অন্য দিকে চলে যেতেই কুকুরটি লেজ নাড়তে নাড়তে উঠে পড়ল।
পুণ্যার্থীরা যে দিকে বসে রয়েছেন, সে দিকে গিয়ে
চুপচাপ দাঁড়িয়ে পড়ল কুকুরটি। পথকুকুরের এই আচরণ দেখে সে দিকে ফিরে গিয়ে তরুণ
পুরোহিত মন ভরে কুকুরটিকে আদর করলেন। সম্প্রতি এই ঘটনাটি হৃষীকেশে ঘটেছে। পুরোহিতের
এই আচরণ দেখে প্রশংসার বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। এক নেটাগরিক লিখেছেন,
‘‘পুরোহিত কত ভাল করে কুকুরটিকে সরে যেতে বলছিলেন! সব প্রাণীর মধ্যেই আসলে ঈশ্বরের
বাস। ভিডিয়োটি দেখে মন ভরে গেল।’’