গভীর রাতে পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন স্থানীয়েরা। কয়েক জন পর্যটকের গাড়িও ছিল। মুহূর্তের মধ্যে সারি বেঁধে সব ক’টি গাড়ি থেমে গেল। মাঝরাস্তায় দু’টি ভালুক ‘লড়াই’ করছে। পিছনের দু’পায়ে দাঁড়িয়ে পরস্পরকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিচ্ছিল তারা। পুরো রাস্তা জুড়ে এক মিনিট ধরে ‘মল্লযুদ্ধ’ করার পর তারা পাহাড়ি রাস্তা ছেড়ে জঙ্গলের দিকে দৌড় দিল। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ভূপি পানওয়ার’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, দু’টি ভালুক মাঝরাস্তায় ‘যুদ্ধ’ করছে। জঙ্গল ছেড়ে পাহাড়ি রাস্তায় নেমে পড়েছে তারা। সেই সময় রাস্তা দিয়ে স্থানীয় বাসিন্দা এবং পর্যটকেরা গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। রাস্তা জুড়ে দু’টি ভালুকের ‘যুদ্ধ’ দেখে তাঁরা সকলে ভয় পেয়ে যান। গাড়ি পিছিয়ে নিয়ে যেতে শুরু করেন তাঁরা।
প্রায় এক মিনিট ধরে ‘মল্লযুদ্ধ’ চলার পর সেখান থেকে চলে যায় ভালুক দু’টি। এই ঘটনাটি সম্প্রতি উত্তরাখণ্ডের পিথোরাগঢ় জেলার থল-দীদীহাট সড়কে ঘটেছে। এই ঘটনার পর বেশ কয়েক জন স্থানীয় বাসিন্দা ওই পথে নজরদারি বাড়ানো এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। বাসিন্দারা বনবিভাগকে ওই এলাকায় বন্যপ্রাণীর গতিবিধি আরও নিবিড় ভাবে পর্যবেক্ষণ করার জন্য অনুরোধ করেছেন।