ট্রেনে চেপে গন্তব্যের দিকে রওনা দিয়েছিলেন এক তরুণী। কিন্তু আসনে কিছু ক্ষণ বসে থাকার পর চমকে ওঠেন তিনি। তরুণীর অভিযোগ, বার বার তাঁকে অশালীন স্পর্শ করছিলেন এক তরুণ যাত্রী। হাতেনাতে ধরতেই তরুণীর কাছে ক্ষমা চাইতে শুরু করেন সেই তরুণ। ট্রেন পরের স্টেশনে থামতেই দৌড় দিলেন তিনি। পুরো ঘটনার প্রমাণ রাখতে ফোনের ক্যামেরা চালু করে সেই যাত্রীকে ধরার জন্য পিছনে দৌড়ে গেলেন তরুণীও। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ক্রেজ়ি_নিউজ়_ইন_সিডনি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ ট্রেনের দরজার ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছেন। এক তরুণী যাত্রীর কাছে ক্রমাগত ক্ষমা চেয়ে চলেছেন তিনি। ট্রেনটি পরের স্টেশনে নামতেই সেই তরুণ দৌড় দিলেন। ফোনের ক্যামেরা চালু করে প্ল্যাটফর্মে নেমে তরুণের পিছনে দৌড়ে গেলেন তরুণী যাত্রীও। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি সম্প্রতি সিডনির নর্থ স্ট্র্যাথফিল্ড স্টেশনে ঘটেছে।
তরুণীর অভিযোগ, তিনি ওয়াইনইয়ার্ড থেকে এপিং যাওয়ার ট্রেনে উঠেছিলেন। ট্রেনের এক তরুণ যাত্রী বার বার তাঁকে অশালীন স্পর্শ করছিলেন। তৃতীয় বার একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় আর চুপ করে বসে থাকেননি তরুণী। ট্রেনের মধ্যেই চিৎকার করে ওঠেন তিনি। তরুণী যাত্রীর কাছে ক্ষমা চেয়ে পরের কামরায় পালিয়ে যান সেই তরুণ। তরুণীও পিছন পিছন সেই কামরায় চলে যান।
ইন্টারকমের সাহায্যে রেলকর্মীদের সঙ্গে যোগাযোগ করে পুরো ঘটনার উল্লেখ করেন তরুণী। ইতিমধ্যে পরের স্টেশনে ট্রেন থামতেই তরুণ লাফিয়ে নেমে যান। প্ল্যাটফর্মে দৌড়োতে শুরু করেন তিনি। তরুণীও পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করতে করতে সেই তরুণের পিছনে দৌড়োতে শুরু করেন। কিন্তু তরুণ সেখান থেকে দৌড়ে পালিয়ে যান। তরুণী সমস্ত ছবি এবং ভিডিয়ো প্রমাণ হিসাবে পুলিশকে দেখান এবং সেই যাত্রীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেন। তরুণীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে সিডনি পুলিশ।