Advertisement
E-Paper

‘বিয়ে নিয়ে মারাত্মক চাপ দিচ্ছিল পরিবার’, প্রতিবাদ জানাতে মাথা মুড়িয়ে ফেললেন তরুণী! ভিডিয়ো ভাইরাল

তরুণীর দাবি, পরিবারের সকলে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। বিবাহযোগ্যা হয়েও কেন তরুণী বিয়ে করছেন না, প্রশ্নবাণে জর্জরিত করে তুলেছিলেন তাঁকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৫:০৬

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মেয়েরা স্বপ্ন দেখলে সেই স্বপ্ন পূরণের সুযোগ দিতে হয়। পারিপার্শ্বিক চাপে কখনও নিজের জীবন ধ্বংসের পথে ঠেলে দেবেন না— তরুণীর মুখ থেকে প্রতিটি শব্দই যেন আগুনের মতো বেরোচ্ছিল। মাথা মুড়িয়ে ফেলেছেন তিনি। কিন্তু শখের লম্বা চুল বিসর্জন দিতে মোটেও প্রস্তুত ছিলেন না। পরিস্থিতির চাপে পড়ে সেই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি। নিজস্বী ক্যামেরা চালু করে ভিডিয়োয় বিস্তারে নিজের কথা জানালেন তরুণী। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘কাজলস_মুভ_’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী মাথা মুড়িয়ে ফেলেছেন। টুপি পরে থাকলেও কথা বলতে বলতে সেই টুপি সরিয়ে দিয়ে যেন সমাজের এক কদর্য রূপও তুলে ধরলেন তিনি। তরুণীর দাবি, পরিবারের সকলে বিয়ের জন্য পীড়াপীড়ি করছিলেন। বিবাহযোগ্যা হয়েও কেন তরুণী বিয়ে করছেন না, প্রশ্নবাণে জর্জরিত করে তুলছিলেন তাঁকে। তরুণী বিয়ে করতে চান না।

পড়াশোনা, কেরিয়ার— এ সব নিয়েই থাকতে চান তিনি। কিন্তু পরিবারের তরফে বিয়ের জন্য সেই চাপ আর সহ্য করতে পারছিলেন না। প্রতিবাদ জানাতে নিজের শখের লম্বা চুল কেটে ফেলে মাথা মুড়িয়ে ফেললেন তিনি। তরুণী রেগে গিয়ে বলেন, ‘‘আমি বিয়ে করতে চাইছি না। তবুও আমায় জোর করা হচ্ছে। আমি নেড়া হয়ে গিয়েছি। তা নিয়েও সকলের প্রশ্ন। তির্যক দৃষ্টিতে লোকজন তাকাচ্ছেন। কোনও পুরুষ একই কাজ করলে তো তাঁকে এত প্রশ্ন করা হয় না। আমার কোনও ইচ্ছা ছিল না চুল কাটানোর। লম্বা চুল বড়ই প্রিয় ছিল আমার। বিয়ে করার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে কাটতে বাধ্য হয়েছি।’’ তরুণী বলেন, ‘‘আমি সব মহিলাদের উদ্দেশে বলছি, একটাই জীবন। যা মনে হয় তা-ই করুন। নিজেদের মতো স্বাধীন ভাবে বাঁচুন। অন্যের জন্য জীবন নষ্ট করবেন না।’’

Viral Video Bald Look
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy