যাত্রার জন্য রাস্তায় গাড়ি ভাড়া করে সেই গাড়ির পিছনের আসনে উঠে বসেছিলেন এক তরুণী। কিন্তু গাড়িতে ওঠার কিছু ক্ষণ পর অস্বস্তি বোধ করতে শুরু করেন তিনি। তরুণীর অভিযোগ, গাড়ির চালক সামনের আয়না থেকে খারাপ ভাবে তরুণীর দিকে তাকিয়ে ছিলেন। নিরাপত্তার অভাবে চলন্ত গাড়ি থেকে ব্যস্ত রাস্তায় লাফ দিলেন তরুণী যাত্রী। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘স্ট্রেটস্_টাইমস্’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী চলন্ত গাড়ির দরজা খুলে রাস্তায় লাফিয়ে পড়লেন। তাঁর জুতো খুলে রাস্তায় পড়ে গেল। এমনকি, তাঁর ফোনও ছিটকে পড়ে গেল রাস্তায়। তরুণী হঠাৎ এ ভাবে গাড়ি থেকে লাফ দেওয়ায় মাঝরাস্তায় থেমে যান চালক। পরে মোবাইল তুলে, জুতো পরে সেই গাড়ির দিকে দৌড়ে যান তরুণী। তত ক্ষণে অন্য পথচারীরা গাড়ি ঘিরে দাঁড়িয়ে পড়েছেন।
আরও পড়ুন:
সম্প্রতি এই ঘটনাটি মালয়েশিয়ার ক্লাং এলাকায় ঘটেছে। ২৫ বছর বয়সি তরুণীর অভিযোগ, গাড়িতে ওঠার পর চালক তাঁর দিকে আয়না দিয়ে খারাপ ভাবে তাকাচ্ছিলেন। অন্য দিকে, তরুণী যাত্রী গাড়ি থেকে লাফ দেওয়ায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন খোদ গাড়ির চালক। চালকের অভিযোগ, তরুণী যাত্রী হঠাৎ করে কিছু না বলেকয়ে গাড়ি থেকে লাফ দিয়ে দেন। এই আচরণ একেবারেই নিরাপদ নয়। জানা গিয়েছে, চলন্ত গাড়ি থেকে লাফ দেওয়ার ফলে তরুণী আঘাত পেয়েছিলেন। আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছেন তরুণী।