স্বামী-সন্তানের সঙ্গে উন্মুক্ত চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিলেন এক তরুণী। সাদা-কালো প্রিন্টে হুবহু জ়েব্রা স্ট্রাইপের পোশাক পরেছিলেন তিনি। ফোনে ছবি তুলতে ব্যস্ত ছিলেন তরুণী। হঠাৎ জানলা দিয়ে গাড়ির ভিতর মাথা গলিয়ে দিল একটি জ়েব্রা। তরুণীর দিকে মুখ বাড়িয়ে আদর করার চেষ্টা করতে লাগল সে। তরুণীর স্বামী কোনও রকমে খাবার দিয়ে শান্ত করল জ়েব্রাটিকে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘সেএশিয়া.নিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, জ়েব্রা স্ট্রাইপের জামা পরে গাড়ির সামনের আসনে বসেছিলেন এক তরুণী। তাঁর স্বামী ছিলেন গাড়ির চালকের আসনে। পিছনের আসনে বসেছিল তরুণীর দুই সন্তান। ইন্দোনেশিয়ার একটি উন্মুক্ত চিড়িয়াখানায় গাড়িতে চেপে ঘুরতে বেরিয়েছিল চার জনের পরিবার।
তরুণী যখন ছবি তুলতে ব্যস্ত, তখন গাড়ির জানলা দিয়ে ভিতরে মুখ গলিয়ে দিল একটি জ়েব্রা। তা দেখে ভয় পেয়ে গেলেন তরুণী। কিন্তু তরুণীর স্বামী-সন্তানেরা আসল বিষয়টি বুঝতে পেরে হাসাহাসি শুরু করে দিলেন। গাড়ি থেকে গাজর তুলে জ়েব্রার মুখের সামনে ধরলেন তরুণীর স্বামী। খাবার পেয়ে জানলা থেকে মুখ সরিয়ে নিল জ়েব্রাটি।
আসলে, তরুণীর পোশাক দেখে তাকে ‘সমগোত্রীয়’ ভেবেছিল সে। তাই ‘বান্ধবী’র সঙ্গে আলাপ সারতে মুখ বাড়িয়েছিল। ভিডিয়োটি দেখে হাসির বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। এক নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘জ়েব্রাটি বোধ হয় ভেবেছিল যে, তার সঙ্গে তার বান্ধবী দেখা করতে এসেছে। আনন্দ সামলাতে না পেরে গাড়ির ভিতর মুখ ঢুকিয়ে ফেলেছে।’’