Advertisement
E-Paper

নির্বাচনে জয়ী দল! বিজয় উদ্‌যাপনের মঞ্চে অদ্ভুত কায়দায় নেচে মাতালেন হবু স্বাস্থ্যমন্ত্রী, ভাইরাল ভিডিয়োয় হইচই

১২ এপ্রিল হাঙ্গেরির সংসদীয় নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। নির্বাচনে ভিক্টর ওরবানের ১৬ বছরের শাসনের অবসান ঘটে জয়ী হয়েছে মধ্য-ডানপন্থী নেতা পিটার মাগিয়ার দল টিসা পার্টি। সংসদে আনুমানিক দুই-তৃতীয়াংশ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে দলটি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১২:১৩
Video shows after winning Election Hungarian political leader dancing in Budapest

হাঙ্গেরির হবু স্বাস্থ্যমন্ত্রী জ়োল্ট হেগেডাস। ছবি: এক্স থেকে নেওয়া।

নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে দল। আর তা উদ্‌যাপন করার সময় অদ্ভুত কায়দায় নাচতে দেখা গেল হাঙ্গেরির রাজনীতিবিদ জ়োল্ট হেগেডাসকে। তাঁর নাচের সেই ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। নেটাগরিকদের দৃষ্টি আকর্ষণও করেছে। ভাইরালও হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

১২ এপ্রিল হাঙ্গেরির সংসদীয় নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। নির্বাচনে ভিক্টর ওরবানের ১৬ বছরের শাসনের অবসান ঘটে জয়ী হয়েছে মধ্য-ডানপন্থী নেতা পিটার মাগিয়ার দল টিসা পার্টি। সংসদে আনুমানিক দুই-তৃতীয়াংশ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে দলটি, যা দেশে একটি বড় রাজনৈতিক পরিবর্তনের সূচনা করেছে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর টিসা পার্টির তরফে বিজয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সে সময়ই মঞ্চে দলের নেতা হেগেডাসকে নাচতে দেখা গিয়েছে বলে খবর। বুদাপেস্টে জয় উদ্‌যাপনের সময় বিজয় ভাষণের কিছু ক্ষণ পরেই হেগেডাস মঞ্চে নাচতে শুরু করেন। তাঁকে দেখে উল্লাস শুরু করেন দলের সমর্থকেরাও। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, মঞ্চে উঠে অদ্ভুত কায়দায় নাচছেন হেগেডাস। হাত-পা বেঁকিয়ে নাচার পাশাপাশি লাফিয়ে লাফিয়ে মঞ্চের এক দিক থেকে অন্য দিকে যেতেও দেখা গিয়েছে তাঁকে।

হেগেডাসের নাচের ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ফারুখ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার রাজনীতিবিদের নাচের প্রশংসাও করেছেন অনেকে। তাঁকে ‘হাঙ্গেরির মাইকেল জ্যাকসন’ তকমাও দিয়েছেন নেটাগরিকদের একাংশ।

Advertisement

পেশায় শল্যচিকিৎসক হেগেডাস হাঙ্গেরির পরবর্তী স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মনোনীত হয়েছেন। হাঙ্গেরীয় ওই নেতা জীবনের অনেকটা সময় কাটিয়েছেন ব্রিটেনে। সেখানে একাধিক শীর্ষস্থানীয় হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ২০১৫ সালে হাঙ্গেরিতে ফিরে আসেন হেগেডাস। দেশের স্বাস্থ্য পরিসেবা সংস্কারে মনোযোগ দেন। তিনি টিসা পার্টির স্বাস্থ্য নীতি নির্ধারণকারীদের অন্যতম প্রধান হিসাবেও পরিচিত।

Viral Video Hungary Election Result
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy