Advertisement
E-Paper

একের পর এক সিগারেটে টান দিয়ে চলেছে কিশোর! ভিড় করে দেখছে জনতা, ভাইরাল ভিডিয়োয় নিন্দার ঝড়

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি খোলা জায়গায় শামিয়ানা খাটানো হয়েছে। সেখানে বসে রয়েছেন বহু মানুষ। মধ্যমণি এক কিশোর। হাঁটু মুড়ে শান্ত ভাবে বসে আছে সে। হাতে সিগারেট নিয়ে লম্বা লম্বা টান দিচ্ছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১৮:৩৩
Video shows crowd cheers as young boy smoking multiple cigarettes at a time in Gujarat

বিতর্কিত সেই অনুষ্ঠান। ছবি: এক্স থেকে নেওয়া।

জনসমক্ষে লম্বা লম্বা টান। ফস্‌ ফস্‌ করে একসঙ্গে একাধিক সিগারেট খাচ্ছে এক কিশোর। আর ভিড় করে তা দেখছে জনতা। কিশোরকে থামানো তো দূরের কথা, তাঁদের কেউ কেউ এসে আশীর্বাদ করছেন ওই কিশোরকে। কেউ আবার টাকা উড়িয়ে দিচ্ছেন তার মাথার উপরে। চাঞ্চল্যকর সে রকমই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ভিডিয়োয় দাবি, ঘটনাটি ঘটেছে গুজরাতের মোরবি শহরে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি খোলা জায়গায় শামিয়ানা খাটানো হয়েছে। সেখানে বসে রয়েছেন বহু মানুষ। মধ্যমণি এক কিশোর। হাঁটু মুড়ে শান্ত ভাবে বসে আছে সে। হাতে সিগারেট নিয়ে লম্বা লম্বা টান দিচ্ছে। আকাশের দিকে মুখ করে ধোঁয়া ছেড়ে যাচ্ছে। কিশোরকে ঘিরে বহু মানুষ বসে থাকলেও কেউ বিষয়টিতে হস্তক্ষেপ করছেন না। বরং মনোযোগ দিয়ে দেখছেন কিশোরের কীর্তি। কেউ কেউ বিষয়টি নিয়ে মজা করছেন। মাঝেমধ্যে টাকা ছুড়ে দিচ্ছেন কিশোরের দিকে। এর মধ্যেই এক যুবক এসে আরও একটি সিগারেট ধরিয়ে দেন কিশোরকে। কিশোর তা গ্রহণ করে একসঙ্গে দু’টি সিগারেট টানতে শুরু করে। অবশেষে এক ব্যক্তি এগিয়ে এসে ছেলেটির হাত থেকে সিগারেটগুলি সরিয়ে নেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সভেরা টাইমস হরিয়ানা’ নামের একটি স্থানীয় সংবাদমাধ্যমের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। শুরু হয়েছে বিতর্কও। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। শিশুর কাছে উপস্থিত জনতার নিন্দা করে সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ। ক্ষোভ প্রকাশও করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘লজ্জা হওয়া উচিত। এত জন মিলে দেখছেন, কেউ আটকাচ্ছেন না কিশোরকে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘একে দেখে মনে হচ্ছে বয়স ১৮-র কম। অল্প বয়সে তামাকের সংস্পর্শে আসা দীর্ঘমেয়াদি আসক্তি, শ্বাসযন্ত্রের অসুখ এবং হৃদ্‌রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। ভারতে ১৮ বছরের কম বয়সিদের কাছে তামাকজাত পণ্য বিক্রি আইনত দণ্ডনীয়। তার পরেও এই অবস্থা। দোষীদের শাস্তি হোক।’’

Advertisement
Viral Video Cigarette smoking Gujarat
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy