ভয়ানক দুর্যোগ। ঝড়বৃষ্টির মধ্যে জোরে জোরে দুলছিল বিশাল একটি গাছ। ভয়ঙ্কর কিছু একটা যে ঘটতে চলেছে তা আগে থেকেই আঁচ করেছিল কাণ্ডের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা একটি মহিষ। অস্থির হয়ে এ দিক-ও দিক করছিল সে। এক মহিলা তার দড়ি খুলে দিতে এগিয়ে আসার পরেই ঘটে গেল দুর্ঘটনা। ঝড়ের দাপটে শিকড় উপড়ে মহিলা এবং মহিষটির দিকে পড়ে গেল বিশাল গাছটি। চাঞ্চল্যকর সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি গ্রামে ব্যাপক ঝড়বৃষ্টি হচ্ছে। ঝড়ের তাণ্ডবে বিপজ্জনক ভাবে দুলছে গ্রামের একটি রাস্তার ঠিক মাঝে দাঁড়িয়ে থাকা বিশাল গাছ। ওই গাছের কাণ্ডের সঙ্গে একটি মহিষ বাঁধা রয়েছে। ঝড়ের কারণে অস্থির হয়ে উঠেছে সে। যেন আগে থেকেই আসন্ন কোনও বিপদ ঠাওর করেছে। মহিষটিকে ও ভাবে চঞ্চল হয়ে উঠতে দেখে এগিয়ে যান এক মহিলা। মহিষের দড়ি খুলে দিতে যান তিনি। হঠাৎ প্রবল এক দমকা হাওয়া এসে পুরো গাছটিকে উপড়ে ফেলে। মহিলা এবং মহিষটি যে দিকে ছিল, সে দিকেই পড়ে বিশাল গাছটি। তবে উভয়েই অল্পের জন্য রক্ষা পায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। মনে করা হচ্ছে, গাছটি পড়ে যাবে অনুমান করেই মহিষটিকে রক্ষা করতে এসেছিলেন মহিলা।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘মিস্টার ভাইরাল’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘মহিষটি আগেই কোনও অশুভ কিছুর আঁচ পেয়েছিল। সেই কারণেই অস্থির হয়ে পড়েছিল।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘প্রাণীটির প্রতি ভালবাসার কারণে মহিলা নিজের জীবনের পরোয়া না করেই তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন। কুর্নিশ জানাচ্ছি।’’