জিমে ব্যায়াম করছিলেন এক যুবক। ব্যায়াম করতে করতে হঠাৎই বসে পড়লেন। বুক চেপে মাটিতে পড়ে গেলেন। আর উঠলেন না। জিম করতে করতেই মৃত্যু হল তাঁর! মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শ্রীনগরের বদগাম জেলার একটি জিমে। জিম করতে করতে যুবকের মৃত্যুর একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শ্রীনগরের বদগাম জেলার ওই জিমে ব্যায়াম করছিলেন এক যুবক। প্রথমে স্বাভাবিক ভাবেই ব্যায়াম করছিলেন তিনি। কিন্তু হঠাৎই তাঁর অবস্থার অবনতি হয়। বুকে অস্বস্তি বোধ করতে শুরু করেন তিনি। আতঙ্কে জিমের বেঞ্চ থেকে উঠে বসেন। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি আরও খারাপ হয়। যুবক উঠে বসার পর বুক চেপে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। জিমে উপস্থিত বাকিরা আতঙ্কিত হয়ে সাহায্য করতে ছুটে আসেন। কিন্তু তত ক্ষণে অনেক দেরি হয়ে গেছে। জিমের কর্মীরা জল ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করলেও লাভ হয়নি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। এর পর তাঁকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর কারণ সম্পর্কে এখনও স্পষ্ট ভাবে না জানা গেলেও চিকিৎসকদের অনুমান, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে যুবকের।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘এবিপিনিউজ়টিভি’র এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। যুবকের পরিণতি দেখে দুঃখপ্রকাশও করেছেন নেটাগরিকদের একাংশ। অনেকে আবার কমবয়সিদের মধ্যে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘এই ভিডিয়ো দেখে এখন আমি জিমে যেতে ভয় পাচ্ছি।’’ অন্য এক জন আবার মন্তব্য করেছেন, ‘‘স্বাস্থ্যপরীক্ষা ছাড়া ভারী ব্যায়াম বিপজ্জনক হতে পারে।’’