বিয়েবাড়ি উপলক্ষে বিশাল মঞ্চ বাঁধা হয়েছে। চারদিকে আলোর রোশনাই। মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন বর এবং নববধূ। মালাবদল করছেন। ছবি তোলাচ্ছেন। ডিজে গানে নাচছেন অতিথিরা। এমন সময় বদলে গেল আবহাওয়া। মালাবদল অনুষ্ঠানের সময় প্রবল ঝড়বৃষ্টিকে উড়ে গেল মঞ্চ। নববধূর হাত ধরে তাড়াতাড়ি ঘটনাস্থল ছাড়লেন পাত্র। তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বর-কনে মঞ্চে দাঁড়িয়ে মালাবদল করতে চলেছেন। নীচে আনন্দ করছেন আত্মীয়স্বজনেরা। চিত্রগ্রাহকেরা ক্যামেরা নিয়ে দৌড়োদৌ়ড়ি করছেন। এমন সময় হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হয়। প্রথমে সবাই ভেবেছিলেন, এটা ঝোড়ো হাওয়া। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছোয় যে পুরো মঞ্চ কাঁপতে শুরু করে। ভয়ে কনেকে নিয়ে মঞ্চ ছাড়েন পাত্র। কয়েক মুহূর্তে মঞ্চটি উড়ে যায়। পালাতে শুরু করেন অতিথিরা। চিত্রগ্রাহকদেরও প্রাণ বাঁচিয়ে দৌড়োতে দেখা যায়। বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে অনুষ্ঠানস্থলে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘যুবরাজ_বিটিএস_০৩’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়ো দেখার পর লিখেছেন, ‘‘বিয়েতে ঝড়ের আগমন। মালাবদল অনুষ্ঠানে অতিথি হিসাবে ঢুকে চমকে দিল প্রকৃতি।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এটা বিয়ে ছিল, না অ্যাডভেঞ্চার স্পোর্টস!’’