চাকরি পাওয়ার ক্ষেত্রে চাকরির আবেদনপত্রের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। আবেদনপত্রে খামতি থাকলে চাকরি পাওয়া তো দূরের কথা, ইন্টারভিউয়ের ডাক আসবে কি না সেটা নিয়েই সন্দেহ থেকে যায়। তাই বেশির ভাগ মানুষই কোনও চাকরিতে আবেদন করার সময় আবেদনপত্রটিতে বারংবার চোখ বুলিয়ে নেন। এরই সঙ্গে মেলে সেটিই জোড়া হচ্ছে না কি অন্য কোনও নথি জুড়ে দিচ্ছেন সেটাও পরীক্ষা করে নেন অনেকে। অন্যথায় সাধারণ চাকরির আবেদন হয়ে উঠতে পারে বহু মানুষের হাসির খোরাক। তেমনটাই হল হিমাংশী নামের এক তরুণীর সঙ্গে।
আরও পড়ুন:
এক্সে পোস্ট করা স্ক্রিনশটের ক্যাপশন দেওয়া হয়েছে, ‘আমি নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু’। কারণ, চাকরিতে আবেদন করার সময় হিমাংশী নামের সেই তরুণী আবেদনপত্রের বদলে ভুল করে তাঁর ব্লিঙ্কিটের বিল পাঠিয়ে দিয়েছেন। অভিনব সেই চাকরির আবেদন নজর কেড়েছে সংস্থার নিয়োগকারীদের। সেখান থেকে তরুণীকে মেল করা হয়েছে। আনুষ্ঠানিক সেই চিঠিতে তরুণীকে চাকরিতে আবেদন করার জন্য ধন্যবাদ জানানো হলেও, পরের লাইনে লেখা হয়েছে তরুণী ভুল করে তাঁর চাকরির আবেদনপত্রের পরিবর্তে ব্লিঙ্কিটের বিল পাঠিয়ে দিয়েছেন। সেই আনুষ্ঠানিক চিঠির স্ক্রিনশটই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই পোস্টের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
‘লুজ়ার’ নামের এক্স হ্যান্ডল থেকে স্ক্রিনশটটি পোস্ট করা হয়েছে। পোস্টটি দেখে হাসির রোল পড়েছে নেটপাড়ায়। ইতিমধ্যে পাঁচ লক্ষেরও বেশি নেটাগরিক পোস্টটি দেখে ফেলেছেন। ত্রিশ হাজারেরও বেশি নেটাগরিক পোস্টটিতে রিয়্যাক্ট করেছেন। পোস্টটির মন্তব্যবাক্স জুড়ে নানা মজার মজার মন্তব্য পড়েছে। বহু নেটাগরিক তরুণীর করা ভুলে নিজেদের প্রতিচ্ছবি দেখতে পেয়েছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘চাপের মুহূর্তে আমিও এই ধরনের ভুল করে থাকি।’’ অপর এক নেটাগরিক লিখেছেন, ‘‘আপনি শুরুতেই সংস্থাকে আপনার নিত্যপ্রয়োজনীয় জিনিসের একটা ঝলক দেখিলে দিলেন।”