ভারতে অনেক মহিলাকেই রাস্তায় বেরোলে অপরিচিত কারও তীক্ষ্ণ দৃষ্টির শিকার হওয়া, পিছু নেওয়া বা অশ্লীল অঙ্গভঙ্গির মতো অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এ এমন এক বাস্তব যা অনেকেই প্রত্যক্ষ করেছেন। তবে এ বার কোনও মহিলা নন, বরং এক পুরুষ জানিয়েছেন যে ট্রেনে সফরের সময় তিনিও ঠিক একই পরিস্থিতির শিকার হয়েছিলেন, যা তাঁকে বেশ বিচলিত ও নিরাপত্তাহীন বোধ করিয়েছিল। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ঘটনার ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চেন্নাইয়ের আম্বাত্তুর এলাকার কাছে ২৫ জুন ঘটনাটি ঘটে। সেই ঘটনার অভিজ্ঞতা এবং ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তরুণ। তিনি অভিযোগ করেছেন যে, ট্রেনের এক পুরুষ সহযাত্রী টানা ১৫ থেকে ২০ মিনিট ধরে একদৃষ্টিতে তাঁর দিকে তাকিয়ে ছিলেন। ওই ব্যক্তি দীর্ঘ ক্ষণ ধরে তাকিয়ে থাকার কারণে যাত্রাপথে অস্বস্তিতে পড়তে হয়েছিল তাঁকে। ভিডিয়ো শেয়ার করে তরুণ লিখেছেন, ‘‘এক জন পুরুষ হয়েও আমাকে অত্যন্ত অস্বস্তিকর এক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। এক পুরুষ সহযাত্রী টানা ১৫-২০ মিনিট ধরে একদৃষ্টে আমার দিকে তাকিয়ে ছিলেন।’’ তরুণ জানান, শুরুতে তিনি বিষয়টিকে উপেক্ষা করার চেষ্টা করলেও ধীরে ধীরে ক্রমশ অস্বস্তি বাড়তে থাকে তাঁর। নিরাপত্তাহীন বোধ করতে শুরু করেন তিনি। তরুণ লিখেছেন, ‘‘বিচলিত এবং নিরাপত্তাহীন বোধ করায় আমি ঘটনাটি রেকর্ড করতে শুরু করি।’’
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ট্রেনে তরুণের একদম সামনে মুখোমুখি বসে রয়েছেন প্রৌঢ় সহযাত্রী। সামান্য ঝুঁকে বসে রয়েছেন তিনি। তরুণের দিকে তাকিয়ে টানা আপত্তিকর অঙ্গভঙ্গি করছেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। তরুণ জানিয়েছেন, দৃশ্যটি কিছু ক্ষণ ক্যামেরাবন্দি করার পর তিনি ওই প্রৌঢ়ের সঙ্গে কথা বলেন। রেগে উঠে তাঁকে জিজ্ঞেস করেন, ‘‘আপনি আমার দিকে তাকিয়ে আছেন কেন?’’ এর পর কোনও উত্তর না দিয়ে প্রৌঢ় সঙ্গে সঙ্গে উঠে অন্য একটি কামরায় চলে যান।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘দ্য ভারত পোস্ট’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। নেটাগরিকদের দৃষ্টি আকর্ষণ করেছে ভিডিয়োটি। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। ভিডিয়োটি দেখে বিরক্তিও প্রকাশ করেছেন অনেকে। ওই প্রৌঢ়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘নিন্দনীয়। আমাদের মতো মেয়েদের প্রতি দিন এ ভাবেই এমন পরিস্থিতির মোকাবিলা করতে হয়।’’ অন্য এক জন মন্তব্য করেছেন, ‘‘ঘটনাটি দেখে খুব খারাপ লাগল। ভারতে নারীরা প্রতি দিন ঠিক এই পরিস্থিতিরই সম্মুখীন হন। এক জন পুরুষ হয়েও আপনি অস্বস্তি বোধ করেছেন, বিষয়টি এক বার ভেবে দেখুন। যত ক্ষণ না সবাই নিরাপদ, তত ক্ষণ আসলে কেউই নিরাপদ নয়।’’ তৃতীয় এক নেটাগরিক আবার দাবি করেছেন, ‘‘অনেক পুরুষও প্রতি দিন এ ধরনের মানুষের দ্বারা যৌন হেনস্থার শিকার হন। অথচ এ নিয়ে কেউ কথাই বলেন না। এখানে লিঙ্গ কোনও বড় বিষয় নয়। আসল বিষয় হল মানসিকতা।’’