E-Paper

‘পরিবর্তন যাত্রা’য় ৬ দিনে রাজ্যে ২২ কেন্দ্রীয় নেতা

কুণাল ঘোষ বলেছেন, ‘‘ওরা এ সব প্ররোচনা ছড়ায়। কোথায় ছিলেন এই ২২ জন নেতা, যখন বাংলার টাকা আটকে রাখা হয়, ১০০ দিনের কাজ করিয়ে টাকা দেওয়া হয় না? এঁরা পরিযায়ীর মতো আসেন আর রাজ্যের নেতাদের দিয়ে ফরমায়েশ খাটান!’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ০৯:১৪
‘পরিবর্তন যাত্রা’র সূচনার ফাঁকে তারাপীঠের মন্দিরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ।

‘পরিবর্তন যাত্রা’র সূচনার ফাঁকে তারাপীঠের মন্দিরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ। — ফাইল চিত্র।

বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ শুরু হয়ে গিয়েছে। আগামী ৬ দিনে ২৫০ বিধানসভা ঘুরে পাঁচ হাজার কিলোমিটার যাত্রা করার পরিকল্পনা নিয়েছে বিজেপি। সেই উপলক্ষে রাজ্যে আসতে চলেছেন অন্তত ২২ জন কেন্দ্রীয় নেতা। এক একটি বিধানসভা কেন্দ্রে যাত্রার নেতৃত্ব দেবেন তাঁরা।

বিজেপি সূত্রের খবর, আজ, বৃহস্পতিবার হিঙ্গলগঞ্জে যাত্রার নেতৃত্ব দেবেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী। আসানসোল দক্ষিণে ‘পরিবর্তন যাত্রা’য় ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা, করণদিঘিতে কেন্দ্রীয় নারী এবং শিশু কল্যাণ প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর, শীতলখুচিতে কেন্দ্রীয় শিল্প এবং বাণিজ্য প্রতিমন্ত্রী জিতিন প্রসাদের থাকার কথা। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিংহ শুক্রবার যেতে পারেন নারায়ণগড়ে। হেমতাবাদে থাকতে পারেন কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া পটেল। আগামী কয়েক দিনে উত্তর ও দক্ষিণবঙ্গের নানা বিধানসভা এলাকায় ‘পরিবর্তন যাত্রা’ উপলক্ষে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, অপ্রচলিত শক্তি মন্ত্রী প্রহ্লাদ জোশী, অনুরাগ ঠাকুর, ত্রিপুরা, ওড়িশা ও হরিয়ানার তিন মুখ্যমন্ত্রী, বিহার ও উত্তরপ্রদেশের দুই উপ-মুখ্যমন্ত্রী, সাংসদ বাঁশুরি স্বরাজ প্রমুখের যাওয়ার কথা।

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘‘কলকাতা মহানগরের ২৯টি আসন-সহ রাজ্যের যে ৪৪টি আসনে এই পরিবর্তন যাত্রা পৌঁছবে না, সেখানে বৃহস্পতিবার থেকে ট্যাবলো বেরোবে।’’ কলকাতার ট্যাবলোর উদ্বোধন করার কথা মিঠুন চক্রবর্তীর। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, ‘‘আমরা জানি এই যাত্রা মসৃণ হবে না। তৃণমূল বাধা দেবে, আক্রমণ করবে। সংঘর্ষ করেই এই যাত্রা এগোবে। তৃণমূল যেন ইট ছুড়লে পাটকেল খাওয়ার জন্য প্রস্তুত থাকে।’’ পাল্টা তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, ‘‘ওরা এ সব প্ররোচনা ছড়ায়। কোথায় ছিলেন এই ২২ জন নেতা, যখন বাংলার টাকা আটকে রাখা হয়, ১০০ দিনের কাজ করিয়ে টাকা দেওয়া হয় না? এঁরা পরিযায়ীর মতো আসেন আর রাজ্যের নেতাদের দিয়ে ফরমায়েশ খাটান!’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

BJP

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy