খেলাই পরিণত হল দুঃস্বপ্নে। রাস্তার ধারে ফেলে রাখা দাহ্য রাসায়নিক ভর্তি ড্রামে আচমকা বিস্ফোরণে গুরুতর জখম হল চার শিশু। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। সেখানে ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত ঘটকপুকুর থেকে মধ্য খরগাছি পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার পিচ রাস্তার মেরামতির কাজ চলছিল। তখনই এই কাণ্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়। মঙ্গলবার রাস্তার পাশে প্রায় ২০০ লিটার লাইট ডিজেল অয়েল (এলডিও) ভর্তি একটি ড্রাম পড়েছিল। ড্রামের পাশেই খেলছিল আট থেকে ১০ বছর বয়সি চার পড়ুয়া। হঠাৎই বিকট শব্দে ফেটে যায় ড্রামটি। বিস্ফোরণের তীব্রতায় সাদিকুল মোল্লা মারাত্মক ভাবে ঝলসে যায়। বাকি তিন জন— সামিউল মোল্লা, রায়হান মোল্লা এবং রিয়াজ হাসান মোল্লাও দগ্ধ ও আহত হয়। জ্বালা সহ্য করতে না পেরে এক শিশু পাশের পুকুরে ঝাঁপ দেয় বলেও জানা গিয়েছে। চার জনই স্থানীয় খরগাছি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
আরও পড়ুন:
স্থানীয়েরা দ্রুত উদ্ধার করে তাদের নলমুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে তিন জনের অবস্থার অবনতি হওয়ায় তাদের কলকাতার বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে খবর, সাদিকুলের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার খবর পেয়ে ভাঙড় ডিভিশনের ডেপুটি কমিশনার সৈকত ঘোষ এবং ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে কলকাতা পুলিশের বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াডও ঘটনাস্থল পরিদর্শন করে। রাস্তা মেরামতির কাজে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না, দাহ্য পদার্থ খোলা রাস্তায় কেন ফেলে রাখা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়েরা।