E-Paper

একাধিক অভিযোগে ধৃত পঞ্চায়েতের উপ-প্রধান

ক্ষমতায় থাকাকালীন তিনি ও তাঁর সহযোগীরা বিরোধী দলের কোনও কর্মসূচি এলাকায় করতে দিতেন না।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ১০:২১
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

জলাশয় ভরাট, মাটি চুরি, তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল খড়দহ ব্লক তৃণমূলের সভাপতি তথা বন্দিপুর পঞ্চায়েতের উপ-প্রধানকে। বিজেপির অভিযোগ, নির্বাচনের আগে থেকে এলাকায় ভয়ের বাতাবরণ তৈরি করেছিলেন প্রসেনজিৎ সাহা নামে ওই তৃণমূল নেতা।

বুধবার খড়দহের মোড়লপাড়া থেকে প্রসেনজিৎকে ধরা হয়। তাঁকে বৃহস্পতিবার ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিন দিন জেল হেফাজতের নির্দেশ দেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় দাপুটে নেতা হিসেবে পরিচিত ছিলেন প্রসেনজিৎ। অভিযোগ, ক্ষমতায় থাকাকালীন তিনি ও তাঁর সহযোগীরা বিরোধী দলের কোনও কর্মসূচি এলাকায় করতে দিতেন না। প্রসেনজিতের বিশাল বাড়ির ছবিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। তা নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব প্রশ্ন তোলেন, এক জন পঞ্চায়েত উপ-প্রধানের এত সম্পত্তি কী ভাবে? আয়ের উৎস কী?

৪ মে বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পর থেকে বাড়িছাড়া ছিলেন প্রসেনজিৎ। তাঁর বাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। কল্যাণী এক্সপ্রেসওয়ে-সহ খড়দহ ব্লকের বিভিন্ন এলাকায় জমি বিক্রি, জলা ভরাটকে কেন্দ্র করে সিন্ডিকেট চালানো-সমেত একাধিক অভিযোগ সত্ত্বেও কেন প্রসেনজিৎকে গ্রেফতার করা হবে না, প্রশ্ন তুলে বুধবার রহড়া থানায় বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয়েরা। স্থানীয় তৃণমূল নেতৃত্বের যদিও দাবি, রাজনৈতিক ষড়যন্ত্রে ফাঁসানো হয়েছে প্রসেনজিৎকে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Khardaha

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy