ছ’ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল বছর পনেরোর এক কিশোরের বিরুদ্ধে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার নহাটা এলাকায়। পুলিশ ওই কিশোরকে আটক করেছে। তাকে সোমবার সল্টলেক জুভেনাইল আদালতে তোলা হবে। সে সম্পর্কে ওই বালিকার পিসির ছেলে। একই বাড়ির দু’টি পাশাপাশি ঘরে তারা থাকে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ১০টা নাগাদ বাড়িতে কেউ না থাকার সুযোগে ছেলেটি তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। বালিকা প্রথমে বাড়িতে কিছু বলেনি। দুপুরে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। রক্তপাত শুরু হয়। তার বাবা তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন। চিকিৎসকেরা জানায়, তাকে ধর্ষণ করা হয়েছে। পরে মেয়ের মুখ থেকে সব জেনে গোপালনগর থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা। এ দিনই এক ঘন্টা ধরে বনগাঁ হাসপাতালে বালিকার অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছে, আপাতত তার অবস্থা স্থিতিশীল। পুলিশ সন্ধ্যায় নাবালককে আটক করেছে।