বৌমার বিবাহবহির্ভূত সম্পর্কের বিরোধিতা করায় খুন শাশুড়ি! এমনই অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা এলাকায়। ঘটনার তদন্তে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, মৃতার নাম বলাকা ঘোড়ুই। তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় বাড়ি থেকে। বাড়ির লোকজন তথা প্রতিবেশীদের অভিযোগ, বৌমাই শাশুড়িকে কুপিয়ে খুন করে পরে গলায় ফাঁস লাগিয়ে দেন। এই ভাবে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিলেন তিনি।
কিন্তু মৃতার শরীরে আঘাতের চিহ্নই প্রমাণ করে দিয়েছে যে তাঁকে খুন করা হয়েছে।
বৃহস্পতিবার ৬০ বছরের বৃদ্ধার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। পরিবারের দাবি, বৌমার পরকীয়া নিয়ে সংসারে অশান্তি হচ্ছিল। বুধবার বাড়ির ভিতর থেকে একটি ধারালো অস্ত্র এবং রক্তের দাগ দেখা যায়। শাশুড়ির দেহ উদ্ধারের পরেও কেন অভিযুক্তকে ধরা হয়নি, তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীদের একাংশও।
আরও পড়ুন:
যদিও পুলিশ জানিয়েছে, পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে মৃতার বৌমাকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।