কেন্দ্রীয় সরকারের জাতীয় খাদ্য সুরক্ষা আইন কার্যকর করার ক্ষেত্রে তৃণমূল সরকার দলবাজি করছে বলে অভিযোগ তুলে বৃহস্পতিবার দুপুরে মিছিল করে বাদুড়িয়ার বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাল কংগ্রেস। বিডিও পার্থ চক্রবর্তীর কাছে ১১ দফা দাবিতে স্মারকলিপি দেওয়ার পরে ঈশ্বরীগাছা স্কুলমাঠে সভাও করে তারা। এ দিন সেখানে হাজির ছিলেন কংগ্রেস নেতা কাজি আব্দুর রহিম দিলু, কাজি আব্দুর রশিদ। এ দিকে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি চলাকালীন সেখানে এসে পড়েন জেলাশাসক মনমীত নন্দা, বসিরহাটের মহকুমাশাসক নীতেশ ঢালি। তাঁরা অন্য কাজে এসেছিলেন বিডিও অফিসে। কংগ্রেসের মিছিলে তাঁদের গাড়ি কিছুক্ষণ আটকে পড়ে। দীর্ঘ দিন পরে এলাকায় কংগ্রেস বড়সড় মিছিলে উজ্জীবিত দলের স্থানীয় নেতা-কর্মীরা।